'গোপনীয়তা ফাঁস হওয়ায় বিএনপি মায়াকান্না করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের সঙ্গে নিজেদের সম্পর্কের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ায় আল-কায়েদার নেতা জাওয়াহিরির অডিও বার্তা নিয়ে বিএনপি এখন মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বদরুল আলম স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, শুধু জামায়াত নয়, জঙ্গিদের পেছনে বিএনপিরও মদত রয়েছে। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বিএনপির সখ্য বেশ পুরোনো। যত হুমকিই দেওয়া হোক না কেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এ দেশকে কখনোই জঙ্গিবাদের ঘাঁটি হতে দেবে না। তিনি বলেন, ভিডিও বার্তাটির সত্যতা যাচাই-বাছাই চলছে। বিএনপি তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে বৈঠক করেছে। তারা হরকাতুল জিহাদকে প্রশ্রয় দিয়েছে। তাদের ক্ষমতায় থাকার সময়ে আল-কায়েদা নেতা তিনবার বাংলাদেশ ঘুরে গেছেন। এর মাধ্যমেই প্রমাণ হয়, জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যোগসাজশ ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে হানিফ বলেন, সরকার নাকি যুক্তরাষ্ট্রকে কাছে টানতে চেয়েছে। মির্জা ফখরুল সাহেবের কথা শুনলে মনে হয় ‘ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না’—এর মতো অবস্থা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম।
‘আমেরিকার সঙ্গে বিএনপির সম্পর্কোন্নয়ন প্রয়োজন’ : আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ গতকাল দলের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ-সুসম্পর্ক রয়েছে। আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিএনপির প্রয়োজন, আওয়ামী লীগের নয়।
আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছিলেন, ‘আল-কায়েদা ইস্যুতে সরকার আমেরিকাকে কাছে টানতে চায়।’
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও আমেরিকা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনে একযোগে কাজ করে আসছে। আমেরিকা ও বাংলাদেশের উদ্দেশ্য এক ও অভিন্ন। জঙ্গিবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনে দুই বন্ধু রাষ্ট্র এ লক্ষ্যে চুক্তিও স্বাক্ষর করেছে।