'গোয়েন্দাদের ব্যর্থতায় দক্ষিণ এশিয়ায় মর্মান্তিক ঘটনা ঘটেছে'
গোয়েন্দা কার্যক্রমে সমন্বয় ও পেশাদারির অভাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আবার গোয়েন্দা সংস্থাগুলোর ওপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণের অভাবে সংস্থাগুলো নিজেদের এখতিয়ারের বাইরেও হস্তক্ষেপ করছে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিলিয়া) সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারের প্রথম পর্যায়ে সন্ত্রাসবাদ মোকাবিলা, বিমান চলাচল নিরাপত্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কার, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ এশিয়ায় গোয়েন্দা কার্যক্রমে ব্যর্থতা, গোয়েন্দা সংস্থাগুলোর পুনর্গঠনে সীমাবদ্ধতা ও এগুলোর তদারকির বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা গোয়েন্দা ব্যর্থতার উদাহরণ হিসেবে ৯/১১-এর ঘটনা, মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা, বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন।
উন্নত দেশগুলোতে গোয়েন্দা কার্যক্রমের ওপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও তদারকি থাকলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটা মোটেও নেই বলে মন্তব্য করেন কয়েকজন বক্তা। তাঁরা বলেন, ভারত ও বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে হলেও পাকিস্তানে এটা পুরোপুরিই সেনাবাহিনীর হাতে। এ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন তাঁরা।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর দলীয়, গোষ্ঠীগত ও সরকারের আনুগত্যের কারণে অনেক সময়ই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে ১৫ আগস্ট, ২১ আগস্টের মতো ঘটনার কথা তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্রের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে যুক্ত থাকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।’ তিনি জঙ্গিবাদ নিরসনে মাদ্রাসাকেন্দ্রিক সচেতনতা কার্যক্রমের কথাও তুলে ধরেন। এ বিষয়ে প্রশ্ন তোলেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আটক জঙ্গিদের অধিকাংশই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তা ছাড়া এরা প্রযুক্তিগত দিক থেকে অনেক দক্ষ। তিনি এ বিষয়ে আলোচকদের দৃষ্টি আকর্ষণ করলে কোনো উত্তর দেননি তাঁরা।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরীন আহমদ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপারসন আশেকা ইরশাদ, একই বিভাগের অধ্যাপক শাহীদুজ্জামান, আমেনা মোহসীন, এহসানুল হক, সহযোগী অধ্যাপক এ এস এম আশরাফ আলী, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, শামীম আহমেদ, ভারতের নিরাপত্তা বিশ্লেষক আনন্দ কুমার প্রমুখ।