১০ ট্রাক অস্ত্র আটকের রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন বলেছিলেন, সরকারি সব গোয়েন্দা সংস্থার জ্ঞাতসারেই উলফার জন্য এসব অস্ত্র আনা হয়েছে। ওই রাতে পুলিশের কাছে নিজেকে উলফা নেতা আবুল হোসেন বলে পরিচয় দেন লিয়াকত। গতকাল বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন সার্জেন্ট মো. আলাউদ্দিন। তিনি ২০০৪ সালের ১ এপ্রিল ঘটনার রাতে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ছিলেন। ঘটনার বিবরণ দিয়ে সার্জেন্ট আলাউদ্দিন বলেন, ‘আমি ও সার্জেন্ট হেলাল মিলে মালামালের (অস্ত্রের) মালিককে খোঁজ করতে থাকি। একপর্যায়ে সাত-আটজন লোক আমাদের দিকে এগিয়ে আসেন। তাঁদের একজন নিজেকে হাফিজুর রহমান ও অন্যজন নিজেকে উলফা নেতা আবুল হোসেন বলে পরিচয় দেন। হাফিজুর রহমান কোনো কিছু না লুকিয়ে রাগত স্বরে বলেন, এগুলো অস্ত্র ও গোলাবারুদ। হাফিজ বলেন, সরকারের সব গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে জানে। তোরা এখান থেকে চলে যা, নইলে তোদের ক্ষতি হবে। এরপর হাফিজ মোবাইল ফোনে অন্য কাউকে ফোন করে স্যার সম্বোধন করে বলেন, এখানে কিছু পুলিশ সদস্য আছেন। তাঁরা এখান থেকে চলে যেতে বলছেন। এরপর মুঠোফোনটি আমার দিকে এগিয়ে দিয়ে বলেন, কথা বল তোর বাবা এনএসআইয়ের ডিজির সঙ্গে।...আবুল হোসেনরূপী মেজর লিয়াকতও উগ্রভাবে বলতে থাকেন, সরকারের সব গোয়েন্দা এজেন্সির জ্ঞাতসারেই এসব অস্ত্র উলফার জন্য আনা হয়েছে। তোরা এখান থেকে চলে যা। পরে জানবি, আমি কে।’ সার্জেন্ট আলাউদ্দিন বলেন, ‘২০০৫ সালের জুন মাসের মাঝামাঝি বদলি সূত্রে আমি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে যোগ দিই। ২০০৫ সালের ১৮ আগস্ট সন্ধ্যাবেলা আমাকে ডিএমপির ডিসি ট্রাফিক উত্তরের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে সাদা পোশাকের দুজন আগন্তুক আসেন। তাঁদের একজন নিজেকে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান লেফট্যানেন্ট কর্নেল গুলজার বলে পরিচয় দেন। সেখান থেকে আমাকে র্যাবের সদর দপ্তর উত্তরায় নিয়ে যাওয়া হয়।’