'গৌড়মতি' রক্ষায় পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী সীমান্তে অবস্থিত গৌড়মতি আমের একমাত্র গাছটি নিয়ে বড়ই বিপাকে আছেন গাছের পরিচর্যাকারী জাহাঙ্গীর আলম। অনেক মানুষের নজর এখন গাছটির ডালের কচি ডগার দিকে। ডগা কেটে নিয়ে তাঁরা চারাকলম করতে চায়। এই অবস্থায় গাছটি রক্ষায় পাহারা বসাতে হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, প্রথম আলোয় ‘গৌড়মতি’ আম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে গাছটির ডগা সংগ্রহ করতে। দূর-দূরান্তের নাছোড়বান্দা কিসিমের মানুষকে কিছু ডগা তিনি দিয়েছেন। এদিকে কে বা কারা কয়েক দিন ধরে রাতে গাছের ডগা কেটে নিয়ে যাচ্ছে।
জাহাঙ্গীর জানান, এভাবে ডগা কেটে নিয়ে গেলে সামনের মৌসুমে তেমন আমই পাওয়া যাবে না। এমনকি কৃষিবিদেরাও টাকার বিনিময়ে ডগা কেটে নিয়ে যেতে চাইছেন। কিন্তু তিনি চান, গত মৌসুমের মতো আগামী মৌসুমেও গাছটিতে বেশি আম হোক। গাছটি রক্ষায় চার হাজার টাকার বিনিময়ে পাহারাদারও নিযুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
ডগাপ্রার্থীদের জাহাঙ্গীর আলম এই বলে অনুরোধ করেছেন, ‘গাছটি বাঁচতে দিন। আগামী আম মৌসুমের পর কিছু ডগা দেওয়া যাবে।’
পাহারাদার এস্তাব আলী বলেন, ‘প্রতিদিন লোকজনের এমন আনাগোনা যে, ভাত খেতে বসেও শান্তি নেই। ভাত ছেড়ে গাছের তলায় যেতে হচ্ছে।’
গত বছর নাবি জাতের এ সুস্বাদু আমটির খোঁজ পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটির নাম দেয় ‘গৌড়মতি’। আমের এ জাতটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।