‘গ্যাস দিতে হবে, বাড়াতে হবে বিদ্যুত্ সরবরাহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরকে বিভাগ ঘোষণা করায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত সোমবার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরে আনন্দ মিছিল বের হয়। কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে একই স্থানে একটি সমাবেশ হয়।সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি আমান উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব প্রমুখ।গতকাল মঙ্গলবার সকালে ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল বের করলে সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। পরে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। শহরের সর্বত্র আলোচনার বিষয় ছিল রংপুর বিভাগ। কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, কুড়িগ্রামের মানুষ আজ আনন্দিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা জাহেদুল হক বলেন, ‘শুধু ঘোষণা দিলেই হবে না। আমাদের গ্যাস দিতে হবে। বাড়াতে হবে বিদ্যুত্ সরবরাহ। নইলে এ অঞ্চলে শিল্প গড়ে উঠবে না।’ জেলা জাতীয় পার্টির সভাপতি মেজর (অব.) আবদুস ছালাম বলেন, এতে পিছিয়ে পড়া এই অঞ্চলের অনেক উন্নয়ন হবে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কুড়িগ্রামের সন্তান চিত্র পরিচালক বাদল খন্দকার বলেন, এর মাধ্যমে এ অঞ্চলে নতুন যুগের সূচনা হলো।কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, প্রশাসন জনগণের দোড়গোড়ায় এলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এর ফলে অবহেলিত এই অঞ্চলের মানুষ শিক্ষার সুযোগ পাবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ বলেন, মহাজোট সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করল।স্থানীয় বিএনপির নেতা ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক বলেন, ‘এই ঘোষণায় বৃহত্তর রংপুরের মানুষের অনেক দিনের উন্নয়নবঞ্চনা ঘুচবে বলে মনে করছি।’ কুড়িগ্রাম রিভারভিউ হাইস্কুলের শিক্ষক মো. শাহাবুদ্দিন বলেন, খুব ভালো লাগছে। দিনাজপুরে শিক্ষা বোর্ড থাকায় কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো আসুবিধা হবে না। এতে বিভাগীয় শহরের ওপর চাপ কমবে।ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, ‘রংপুর বিভাগ হওয়ায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করি।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মানুষ হিসেবে এই ঘোষণায় খুশি। প্রাথমিক ও গণশিক্ষা কার্যালয়টি রংপুরে হবে। রাজশাহী যেতে হবে না। এতে কাজের গতি বাড়বে।’