‘গ্যাসের দাম বেড়ে যাওয়ায় দিনে একবার রান্না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেল, সবজি, চালসহ অন্য সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডারের দাম। তবে অন্যান্য পণ্যের তুলনায় এর দাম বাড়ার গতি অনেক বেশি। গত দুই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম দুই দফায় ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।অন্যান্য শহরের মতো এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ার প্রভাব পড়েছে রংপুর শহরের মানুষের ওপর। অবস্থা এমন হয়েছে যে গ্যাস বেশি লাগবে বলে অনেকে দিনে একবার রান্না করেন। অনেকে ব্যয় ঠিক রাখতে সংসারের অন্যান্য খাতে ব্যয় কাটছাঁট করেছেন।রংপুর শহরের কেরানীপাড়ার বাসিন্দা গৃহিণী সোহেলী আক্তার বলেন, ‘প্রতি মাসেই এলপি গ্যাসের দাম বাড়ছে। রান্নাবান্না করতে হিমশিম খাচ্ছি। এভাবে প্রতি মাসে গ্যাসের দাম বাড়লে সারা দিনের রান্নাবান্না একবারেই করে রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’কামালকাছনা এলাকায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত শায়লা বেগম বলেন, ‘স্বামী-স্ত্রী মিলে দুজনে চাকরি করেও কুলাতে পারছি না। শুধু যে গ্যাসের দাম বাড়ছে, তা কিন্তু নয়, সব জিনিসেরই দাম বেড়েছে। কিন্তু বেতন তো আর বাড়েনি। দুই সন্তানের পড়াশোনার খরচসহ অন্যান্য খরচ কমিয়ে দিতে হয়েছে। এতে ছেলেমেয়েদের কোনো আবদারই পূরণ করা সম্ভব হচ্ছে না।’বিভিন্ন বেসরকারি কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডারের স্থানীয় ডিলার ও খুচরা বিক্রেতাদের সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত বেড়েছিল। সে অনুযায়ী গত ২৯ ফেব্রুয়ারিও রংপুরের খুচরা বাজারে টোটাল গ্যাসের প্রতি সিলিন্ডার এক হাজার ৫১০ থেকে এক হাজার ৫২০, যমুনা এক হাজার ৪৯০ থেকে এক হাজার ৫০০ এবং ক্লিনহিট ও বসুন্ধরা এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে।এ মাসের শুরুতে আবার দাম ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এ কারণে গত শুক্রবার রংপুর শহরের খুচরা বাজারে টোটাল প্রতি সিলিন্ডার এক হাজার ৬৯০, যমুনা এক হাজার ৭৮০, ক্লিনহিট ও বসুন্ধরা এক হাজার ৬৮০ টাকায় বিক্রি হয়েছে।শহরের জুম্মাপাড়ার গৃহিণী মাসুদা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার কিনলে ২০০ টাকা কম দামে কিনতে পারতাম। কিন্তু এক দিনের ব্যবধানে যে এত দাম বাড়বে, তা ধারণা করতে পারিনি। এভাবে দফায় দফায় দাম বাড়ায় সংসারের অন্যান্য খরচ কমিয়ে দিতে হয়েছে।’ডিলার মনোয়ার হোসেন বলেন, ‘আমরা এলপি গ্যাসের সিলিন্ডারগুলো ঢাকার বিভিন্ন কোম্পানির গুদাম থেকে নিয়ে আসি। সেখান থেকেই বাড়ানো হচ্ছে।’ক্লিনহিট কোম্পানির আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. মাহবুব জানান, নতুন এ গ্যাসের দামের কথা সব ডিলারকে জানিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় সব খাতে এর প্রভাব পড়েছে।