'গ্রাম থেকে জেগে ওঠো শহরে...'

বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। কখনো জঙ্গিবাদ মাথাচাড়া দেয়, আবার জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করার চেষ্টার মধ্যে সাম্প্রদায়িকতা শুরু হয়। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা কঠোরভাবে মোকাবিলা করতে হবে আমাদের কৃষ্টি ও সংস্কৃতির দিকে ধাবিত হয়ে। সাংস্কৃতিকবোধ জাগাতে হবে। এ কথার সূত্র ধরে গণসংগীতে টান, ‘গ্রাম থেকে জেগে ওঠো শহরে...’।
এভাবে সাংস্কৃতিক জাগরণের আহ্বানের মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে বাংলাদেশের গণসাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষোড়শ জেলা সম্মেলন। গতকাল বিকেলে নগরের রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তনের মুক্তমঞ্চে দুই দিনের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব তবারক হোসাইন। উদ্বোধনী বক্তৃতায় গ্রাম থেকে শহরে সাংস্কৃতিক জাগরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উদীচী একটি সংগ্রামের নাম, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীতন্ত্র, স্বৈরাচারের বিরুদ্ধে উদীচী সব সময় লড়াই করে এসেছে। গণতন্ত্র ও সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে উদীচীর কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছে। এই সময়ের প্রেক্ষাপটে এই কাজ আরও বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।’
পরে একটি শোভাযাত্রা করে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন। উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আইনজীবী মো. আরশ আলী, কথাসাহিত্যিক জাকির তালুকদার, উদীচী কেন্দ্রীয় সংসদ সংগঠন বিভাগের সম্পাদক ইকবালুল হক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক সৈয়দ মুনির হেলাল, খেলাঘর সিলেটের সভাপতি তাজুল ইসলাম বাঙালি, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
উদ্বোধন, আলোচনা পর্বের পর রাতে প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজন শুরু হয় মিলনায়তন মঞ্চে। নগর এলাকার চা-বাগান লাক্কাতুরা শাখার চা-শ্রমিকেরা পরিবেশনা করেন ‘এই বাগিচায় দুখে জনম যায়...পুর তাং তাং...’। আজ শুক্রবার সকালে সিলেটের কবি-সাহিত্যিক-সাংবাদিক ও শিল্পী-সংস্কৃতিকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘সমকালীন বাংলাদেশ এবং সংস্কৃতিকর্মীদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা।