'গ্রামীণ দেখলে আমরা খুবই খুশি হই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, চট্টগ্রামে নার্সিং হোম ও হাসপাতাল করার জন্য নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নকশা জমা দিলে তা এক সপ্তাহের মধ্যে অনুমোদন দেওয়া হবে।
গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোশাররফ হোসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অভিযোগ খণ্ডাতে গিয়ে এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ড. ইউনূসের উদ্দেশে বলেন, ‘গ্রামীণ দেখলে আমরা খুবই খুশি হই। তবে গ্রামীণে (গ্রামীণ ব্যাংক) আপনার ইন্টারেস্ট রেট (সুদের হার) কমালে ভালো হয়। এখন সব জায়গায় সুদের হার এক ডিজিটে চলে এসেছে।’
চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক হোসাইনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মইন উদ্দীন খান বাদল ও সাবেক সচিব চৌধুরী মো. মহসিন। তাঁরা সবাই ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।
গত শনিবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ‘সামাজিক ব্যবসা প্রেক্ষাপট: বিশ্ব ও বাংলাদেশ’ শীর্ষক বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, চট্টগ্রামে আরেকটি নার্সিং কলেজ স্থাপনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছ থেকে অনন্যা আবাসিক এলাকায় একটি জায়গা নেওয়া হয়েছে। সেখানে নার্সিং কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে সভায় আক্ষেপ করে তিনি বলেন, ‘এ সমস্ত জায়গায় আমাদের মুশকিল হয়ে যায়, বলাও মুশকিল এসব কথা। সরকারের অনুমোদন পেতে আমাদের বড় কষ্ট হয়। ওখানে কেউ গ্রামীণ নাম দেখলে আর ওটাতে হাত দিতে চায় না যে কোন বিপদে পড়ি আবার। অনুমতির জন্য আমরা আটকে থাকি। কাউকে অভিযোগও করতে পারি না। কত দিন লাগে এ অনুমতি দিতে? সেটি এখন ভবিষ্যতের ব্যাপার। যদি অনুমোদন দেয়, তাহলে আমরা চট করে করে ফেলতে পারব। আমাদের করার কিছু নেই। কিন্তু আমাদের সমস্ত প্রস্তুতি কমপ্লিট (শেষ)।’
এ অভিযোগ প্রসঙ্গে গতকাল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘ওনার (ড. মুহাম্মদ ইউনূস) অভিযোগের বিষয়ে জানতে সিডিএ চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের আমার বাসায় আজ (রোববার) সকালে ডেকেছি। সিডিএর ওঁরা জানিয়েছেন, ড. ইউনূস গ্রামীণ কল্যাণ নামে সিডিএ থেকে দেড় একর জমি নিয়েছেন। সিডিএ তা রেজিস্ট্রিও করে দিয়েছে। তবে তিনি নার্সিং হোম কিংবা হাসপাতাল করার জন্য কোনো প্ল্যান (নকশা) জমা দেননি। আমি অনুরোধ করব ড. ইউনূসকে, ওনাকে আমি শ্রদ্ধা করি। আমার বড় ভাই। উনি যেদিন নার্সিং হোম ও হাসপাতালের জন্য প্ল্যান জমা দেবেন, তার এক সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়ে দেব।’
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার গ্রামের সাধারণ মানুষের সহযোগিতার জন্য গ্রামীণ ব্যাংককে সব সময় সহযোগিতা করেছে।
তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ১৯৮৬ ব্যাচের উদ্যোগে নির্মিত স্মৃতিসৌধ ‘স্মরণিক’-এর উদ্বোধন করেন শহীদজায়া জেসমিন আলম। এ ছাড়া বিকেলে স্মৃতিচারণা ও সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।