'গ্রামীণ নারীরা উৎপাদন করে ভোগ করতে পারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রামীণ নারীরা উৎপাদন করে। কিন্তু ভোগ করতে পারে না। নারী কৃষকদের কোনো মূল্যায়ন নেই। অথচ গ্রামীণ নারী ও কৃষকেরাই কৃষি অর্থনীতির মেরুদণ্ড।’ কথাগুলো বললেন খুলনার ভূমিহীন নারী কৃষক তপতী রানী মণ্ডল।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল রোববার ‘ভূমি অধিকার, খাদ্য সার্বভৌমত্ব ও গ্রামীণ নারী’ শীর্ষক সেমিনারে তপতী রানী এসব কথা বলেন। বেসরকারি সংস্থা নিজেরা করি, এএলআরডি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। কৃষি ও গ্রামীণ উন্নয়নে নারীর গুরুত্ব এবং অবদানের স্বীকৃতির দাবিতে এ দিবস পালিত হয়। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘ভূমি এবং সম্পদে অধিকারের দাবিতে সোচ্চার হও নারী। ভূমি ছাড়া জীবন অর্থহীন।’
সেমিনারে বক্তারা ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায় করে গ্রামীণ নারীদের কৃষিঋণ দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, বীজ সংরক্ষণ থেকে ফসল উৎপাদন, সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে গ্রামীণ নারীদের সিংহভাগ ভূমিকা
থাকলেও কৃষক হিসেবে তাঁদের স্বীকৃতি ও মূল্যায়ন নেই। কৃষিঋণ ও কৃষকের জন্য দেওয়া সরকারি সুযোগসুবিধা থেকে তাঁরা সব সময় বঞ্চিত।
ফরিদপুরের নারী কৃষক হাজেরা বেগম বলেন, ‘আমরা নারীরা মাঠে-ঘাটে কাজ করছি, উৎপাদন করছি। পুরুষের চেয়েও বেশি কাজ করছি। কিন্তু সরকার বা ব্যাংক থেকে আমাদের কোনো সুযোগ দেওয়া হয় না। সুযোগসুবিধা পেলে গ্রামীণ নারীরা কৃষি ও উৎপাদনে আরও বেশি অবদান রাখতে পারবে।’
সেমিনারে আলোচনাপত্রে বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অক্সফামের ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের কৃষি খাতে নারীর কাজের অবদান ৬৬ শতাংশ। অন্যদিকে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ২০১১ সালের সমীক্ষায় বলা হয়েছে, পৃথিবীর মোট ৮৩ দশমিক ৬ শতাংশ অপুষ্ট জনগোষ্ঠীর মধ্যে নারীর সংখ্যা ৫০ কোটি। কৃষি খাতে নারীর অবদান ৬১ শতাংশ হলেও ভূমিতে নারীর মালিকানা মাত্র ১৮ শতাংশ। তিনি নারী কৃষকদের সমবায় গঠনে সরকারকে উৎসাহ দেওয়ার দাবি জানিয়ে বলেন, নারী কৃষকদের মজুরি নির্ধারণ করতে হবে। খাসজমি ও জলাভূমিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম ভূমিহীন নারীদের জন্য সংসদে কোটা সংরক্ষণের দাবি জানান।
এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, গ্রামীণ নারীদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। তাঁদের কাজের স্বীকৃতি না দিয়ে উন্নয়ন সম্ভব নয়। নারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। নারীদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলা হলেও বাস্তবে নারীরা সেই ঋণ পান না।
আরেক আলোচক পাভেল পার্থ বলেন, গ্রামীণ নারীদের নিজস্ব জ্ঞানকে ও তাঁদের অনুশীলিত ব্যবস্থাকে কোথাও স্বীকৃতি দেওয়া হয়নি।
সভাপতির বক্তব্যে খুশী কবির বলেন, গ্রামীণ নারীদের খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় প্রচলিত বাজারকাঠামোর বিকল্প তৈরি করতে হবে।