‘গ্রামীণ ব্যাংকের উপকারভোগীদের আইনি ভিত্তি নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘গ্রামীণ ব্যাংকের উপকারভোগীদের আইনি ভিত্তি (লিগ্যাল এনটিটি) নেই। কিন্তু সমবায়ের উপকারভোগীদের আনুষ্ঠানিক বা আইনি ভিত্তি (ফরমাল বা লিগ্যাল এনটিটি) রয়েছে।’ গতকাল বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সাংসদ এ কে এম মাইদুল ইসলাম জানতে চেয়েছিলেন, ক্ষুদ্রঋণের ক্ষেত্রে ‘গ্রামীণ ব্যাংক তথা ড. ইউনূসের থিওরি’ ও ‘১৯০৪ সালের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট’-এর পার্থক্য কী। জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দর্শনগতভাবে সমবায় ও গ্রামীণ ব্যাংকের মধ্যে মিল রয়েছে। তবে পদ্ধতিগতভাবে গ্রামীণ ব্যাংক ও সমবায়ের মধ্যে বেশ পার্থক্য রয়েছে।’ সৈয়দ আশরাফ বলেন, সুবিধাভোগী চিহ্নিতকরণ, ঋণের পরিমাণ, ঋণদান ও আদায় পদ্ধতি এবং সুদের হার নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে সমবায়ের সঙ্গে গ্রামীণ ব্যাংকের পার্থক্য রয়েছে।