'গ্রামীণ ব্যাংকের মালিকানা নেওয়া হবে ক্ষমতার চরম অপব্যবহার'
৮৪ লাখ দরিদ্র নারী সদস্য গ্রামীণ ব্যাংকের মালিক। এই ব্যাংকের মালিকানা নেওয়া হবে রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
বিবৃতিতে গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ সরকারের হাতে নেওয়া ও ব্যাংকটিকে খণ্ড-বিখণ্ড করার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে পেশাজীবী পরিষদ বলেছে, যেখানে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে চলেছে, সেখানে গ্রামীণ ব্যাংক সরকারি নিয়ন্ত্রণে নিলে এর ভবিষ্যত্ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো করুণ হবে। দেশের গ্রামীণ অর্থনীতিতেও এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে।
পরিষদের সদস্য সচিব এ জেড এম জাহিদ হোসেনের সই করা বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকারের রোষানলে পড়ে গ্রামীণ ব্যাংক ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ঋণ-সুবিধার বেশির ভাগই পেয়েছেন গ্রামের দরিদ্র নারীরা। নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ড. মুহাম্মদ ইউনূসের এই কর্মসূচি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।
কিন্তু সরকার এই ব্যাংক ও তার প্রতিষ্ঠাতা ড. ইউনূসের বিরুদ্ধে নানা চক্রান্ত করে যাচ্ছে। সর্বশেষ সরকার-নিযুক্ত একটি কমিশন ব্যাংকটিকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া এবং টুকরো টুকরো করার প্রস্তাব দিয়েছে। এতে দেশের দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়।
বিবৃতিতে বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম প্রমুখ সই করেন।