'গ্রামে তাণ্ডবের পর রাজাকাররা ইউসুফের নামে স্লোগান দেয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী যুগল কৃষ্ণ দাস। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৩ মে বাগেরহাটের রণজিৎপুর গ্রামে তাণ্ডব চালানোর পর রাজাকাররা ‘পাকিস্তান জিন্দাবাদ, ইউসুফ ভাই জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে গ্রাম ছেড়ে চলে যায়।
বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) গতকাল যুগল কৃষ্ণ (৬৩) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রামে। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর গ্রামবাসী সংগ্রাম কমিটি গঠন করে গ্রাম পাহারা দিতে শুরু করেন। একদিন তাঁরা (গ্রামবাসী) জানতে পারেন, ইউসুফের নেতৃত্বে খুলনায় রাজাকার বাহিনী গঠন করা হয়েছে। পরে তাঁরা বাগেরহাটেও ইউসুফের নেতৃত্বে রাজাকার বাহিনী গঠনের খবর শোনেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১৩ মে সকালে রাজাকাররা রণজিৎপুর গ্রামে হামলার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে রাজাকাররা পিছিয়ে যায়। বেলা তিনটার দিকে কয়েকজন গ্রামবাসী দুপুরের খাবার খেতে গেলে ৬০-৭০ জন রাজাকার গ্রামে হামলা চালায়। তাঁরা ঝোপের আড়ালে লুকিয়ে দেখেন, রাজাকাররা গ্রামে ঢুকে গুলিবর্ষণ শুরু করে। প্রায় তিন ঘণ্টা তাণ্ডবের পর রাজাকাররা ‘পাকিস্তান জিন্দাবাদ, ইউসুফ ভাই জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে গ্রাম ছেড়ে চলে যায়। পরে তাঁরা ঝোপ থেকে বেরিয়ে গ্রামের হাইস্কুলের সামনে গিয়ে আট-দশটি লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা শোনেন, ওই হামলায় ৫০-৬০ জন মারা গেছেন।
জবানবন্দির একপর্যায়ে যুগল কৃষ্ণ কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘একপর্যায়ে আমার ছোট কাকা সনাতন দাসের লাশ আমাদের গ্রামের পুরোনো বাড়ির সামনে পড়ে থাকতে দেখি।’ পরিচিতজনদের মধ্যে গোবিন্দ দাস, কানাই দাস, কনিক দাস, কালীপদ দাস, রাধাকান্ত দাস, গণেশ দাস প্রমুখের লাশ গ্রামের বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখেন বলে জানান এই সাক্ষী।
জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।