'গ্রামে থাকলে পুরস্কার না থাকলে শাস্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

তরুণ চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গরিব মানুষের সেবার জন্য গ্রামে থাকলে পদোন্নতি দেওয়া হবে। আর দায়িত্ব ফাঁকি দিলে, শহরে আসার চেষ্টা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার বগুড়ার নাজ গার্ডেন মোটেলে রাজশাহী বিভাগীয় চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘গ্রামে বিদ্যুৎ আছে, রাস্তাঘাট আছে, সেখানেও মানুষ থাকে। সরকারি কর্মকর্তারা সেখানে থাকতে পারলে চিকিৎসকেরা থাকতে পারবেন না কেন? তরুণ চিকিৎসকদের দুই বছর গ্রামে থেকে মানুষকে চিকিৎসাসেবা দিতে হবে। গরিব মানুষের সেবার জন্য কেউ দুই বছর গ্রামে থাকলে পদোন্নতি পাবেন। প্রশিক্ষণ, উচ্চতর ডিগ্রির সুযোগসহ নানাভাবে পুরস্কৃত করা হবে। আর দায়িত্ব ফাঁকি দিলে কিংবা তদবির করে দুই বছরের আগে শহরে আসার চেষ্টা করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত চিকিৎসকদের ওই সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রের কাছে চিকিৎসা সুবিধা পাওয়াটা দরিদ্র মানুষের সাংবিধানিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব স্বাস্থ্যসেবা দেওয়া। সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।’
৫ জানুয়ারির নির্বাচন না হলে ‘মার্শাল ল’ আসত
বিএনপির আন্দোলনের প্রতি ইঙ্গিত করে নাসিম বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে “মার্শাল ল” আসত। কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না। দেশে নির্বাচন হবে, সংলাপ হবে। তবে ২০১৯ সালের এক দিন আগেও কোনো নির্বাচন ও সংলাপ হবে না। যাঁরা ট্রেন ফেল করেছেন তাঁদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বগুড়া জেলা বিএমএর সভাপতি মোস্তফা আলমের সভাপতিত্বে ওই চিকিৎসক সমাবেশে অন্যদের মধ্যে বিএমএর কেন্দ্রীয় সভাপতি হাসান মাহমুদ, মহাসচিব এম ইকবাল আর্সলান, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল আলম প্রমুখ বক্তব্য দেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শহরের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন শেষে সেখানেও একটি সমাবেশে বক্তব্য দেন।