'গ্রামে বসে ইন্টারনেটের সুফল ভোগ করছি'
‘সামান্য টাকার বিনিময়ে গ্রামে বসেই জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। এর আগে এই সনদ নিতে ইউনিয়ন পরিষদে (ইউপি) ১৫ দিন ঘুরেও পাওয়া যায়নি। এখন আর সেই দিন নাই। সঙ্গে সঙ্গে পাওয়া যায়। খুব সহজে গ্রামে বসে ইন্টারনেটের সুফল ভোগ করছি।’
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কথাগুলো বলছিলেন ওই এলাকার শিক্ষক সৈয়দ আলী। শুধু সৈয়দ আলী নয়, এমন অভিব্যক্তি ব্যক্ত করলেন আরও অনেকেই।
রংপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের চন্দনপাট ইউনিয়ন। এই ইউপি কার্যালয়ের একটি কক্ষে জনগণকে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামের মানুষকে ওই ইন্টারনেট সেবা প্রদান কর্মসূচি চালু করা হয়।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নানা শ্রেণি-পেশার মানুষ অপেক্ষা করছেন ইন্টারনেট সেবা পেতে। তাঁদের মধ্যে কেউ কৃষক, কেউবা দিনমজুর। আবার কেউ ক্ষুদ্র ব্যবসায়ী।
চলতি বছর এসএসসি পাস করেছেন এমন একজন শিক্ষার্থীর অভিভাবক তাবিউর রহমান বলেন, এবার এসএসসি পরীক্ষার মার্কশিটও এই সেবাকেন্দ্র থেকে পাওয়া গেছে। এটি না থাকলে গ্রামের মানুষকে শহরে যেতে হতো। এর পেছনে চলে যেত পুরো দিন। তাঁদের এখন আর দুর্ভোগ পোহাতে হয় না।
এই সেবাকেন্দ্রে কথা হলো আরও অনেকের সঙ্গে। ক্ষুদ্র ব্যবসায়ী শমসের মিয়া বলেন, ‘এটা (ইন্টারনেট) করি যে গ্রামের মানুষের কত সুবিধা হইছে তা হামরা বুঝতোছি। আগোত দুই টাকার একটা কাগজ ফটোকপি করার জন্য এটে থাকি বাস টার্মিনালোত (পাঁচ কিলোমিটার দূরে) যাওয়া লাগত। দুই টাকার ফটোকপি করতে যাওয়া-আসা অটো ভাড়াই লাগত ১০ টাকা।’
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারনেটের মাধ্যমে এই প্রতিষ্ঠানে দুজন উদ্যোক্তা সেবা প্রদান করেন। তাঁদের মধ্যে একজন মাহবুব ইসলাম। তিনি বলেন, ‘এখান থেকে সরকারের নির্ধারিত মূল্যে জনগণকে জরুরি ইন্টারনেট সেবা প্রদান করছি। এই সেবা প্রদানের মাধ্যমে প্রতিদিন ৫০০-৬০০ টাকা আয় করছি, যা মাসে দাঁড়ায় প্রায় ১৫ হাজার টাকা। প্রতিদিন ৩০-৩৫ জন মানুষ সেবা নিতে আসেন।