‘গ্রামে যেতে হবে’
‘সরকার ভাত-কাপড়ের নিশ্চয়তা দিতে পারে। কিন্তু ডাক্তার ছাড়া স্বাস্থ্যসেবা দিতে পারে না। ভবিষ্যতে তোমরা বড় ডাক্তার হবে। ডাক্তার হওয়ার পর তোমাদের গ্রামে যেতে হবে। গ্রামের গরিব মানুষের স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে হবে। দুর্দিনে মানুষের সবচেয়ে বড় বন্ধু ডাক্তার।’ গ্রামীণ স্বাস্থ্যসেবার হাল ধরতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে গ্রামে যাওয়ার এ আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। গতকাল শুক্রবার মেডিকেল কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৩০তম কেন্দ্রীয় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওসুল আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মীর মাহবুবুল আলম।