'গ্রামের উন্নয়নে শিক্ষিতদের এগিয়ে আসতে হবে'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ আবদুল্লাহ জামাল বলেছেন, গ্রামের উন্নয়নে শিক্ষিত জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। এ জন্য দলমত-নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। গ্রামাঞ্চলের কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু হওয়ার কারণে ছেলেদের পাশাপাশি মেয়েরাও পড়াশোনায় এগিয়ে আসবে।
গতকাল শনিবার বেলা ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আবদুল্লাহ জামাল এসব কথা বলেন। কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু ও এই কোর্স চালু করতে ভূমিকা রাখায় ইতিহাসবিদ আহমেদ আবদুল্লাহ জামালকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের প্রতিষ্ঠাতা স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ জোবেদা খাতুন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম ও কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম।