'গড়ের মাঠে' মেলার উদ্বোধন

বিশাল এলাকাজুড়ে বানানো হয়েছে মেলার ্প্যান্ডেল। ্প্যান্ডেলের ভেতর ফাঁকা। স্টল বলতে একটিমাত্র আচারের দোকান। নেই কোনো দর্শনার্থী। অথচ নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার এমনি এক মেলার উদ্বোধন করা হয়েছে বগুড়ায়। শহরের দত্তবাড়ি কদমতলীঘাট এলাকার মাঠে আয়োজিত মেলাটির নাম দেওয়া হয়েছে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা’। আয়োজক বগুড়া শিল্প ও বণিক সমিতি। মেলায় দেশি-বিদেশি পণ্যের স্টল, হস্তশিল্প, কৃষি, খেলনা এবং বিনোদনের জন্য সার্কাসের আয়োজনের কথা জানিয়ে কয়েক দিন ধরে শহরে মাইকিং করে, পোস্টার সেঁটে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিগত বছরগুলোতে বগুড়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামে জুয়া, হাউজি, লটারি ও যাত্রাপালা চলেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

আয়োজক সূত্র জানায়, মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার নানা আয়োজনের কথা জানিয়ে কয়েক দিন ধরে বগুড়া শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শহরের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বৃহস্পতিবার স্টলবিহীন এই মেলা উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক, এফবিসিসিআইয়ের পরিচালক মমতাজ উদ্দিন ও বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলুন উড়িয়ে মেলা উদ্বোধনের পরপরই স্টলবিহীন ফাঁকা মাঠের দৃশ্য অতিথিদের নজরে আসে। এ সময় মেলায় আচারের একমাত্র স্টল ছাড়া আর কোনো স্টল ছিল না। বিনোদনের কোনো আয়োজনও নেই। এ সময় প্রধান অতিথি আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামে জুয়া, হাউজি ও লটারির মতো কোনো বেআইনি কাজ যাতে না চালানো হয়, সে ব্যাপারে আয়োজকদের সতর্ক করে দেন।
এ ব্যাপারে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও বগুড়া চেম্বারের সহসভাপতি এনামুল হক প্রথম আলোকে বলেন, এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৬০ থেকে ৭০টি স্টল বসবে। তবে সেসব স্টল অন্য জেলার বাণিজ্য মেলায় অংশ নেওয়ার কারণে এখানে আসতে একটু দেরি হচ্ছে। তিনি দাবি করেন, তিনটি স্টল ইতিমধ্যেই মেলায় এসেছে। একটি স্টল ইতিমধ্যেই চালু হয়েছে। অন্য দুটিও চালু হবে।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় ১৫ এপ্রিল থেকে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার অনুমতি দিয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আয়োজনে ব্যর্থ হওয়ায় দুই দিন পিছিয়ে বৃহস্পতিবার মেলা উদ্বোধন করা হয়। দু-এক দিনের মধ্যে দেশি-বিদেশি সব স্টল মেলায় বসবে। সর্বশেষ গতকাল শুক্রবার যোগাযোগ করা হলে এনামুল হক বলেন, নতুন কোনো স্টল বসেছে কি না তিনি তা জানেন না।