যে তিন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কম্পিউটারে চূড়ান্তকরণ, সম্পাদনা ও মুদ্রণকাজে নিয়োজিত ছিলেন, তাঁদের কেউই এ কাজে দক্ষ ছিলেন না। এমনকি কম্পিউটারে কম্পোজ ও সম্পাদনার কাজটিও তাঁদের জানা ছিল না।ভর্তি পরীক্ষায় বিপর্যয়ের কারণ খুঁজতে গঠিত কমিটির অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। কমিটি মনে করে, প্রশ্ন চূড়ান্তকরণের সঙ্গে জড়িত তিন শিক্ষক দক্ষ ও যত্নশীল হলে ভুল এড়ানো সম্ভব ছিল। কমিটির সদস্যদের অভিমত হচ্ছে, প্রশ্নপত্রের বিভিন্ন অংশ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়ে সম্পাদনা করা উচিত ছিল।এই তিন শিক্ষক হলেন বাণিজ্য অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদ, ইন্টারন্যাশনাল বিজনেসের চেয়ারম্যান আবু হেনা রেজা হাসান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম।কমিটি এ পর্যন্ত ১০টি সভায় মিলিত হয়েছে। এ সময় তাঁরা ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশেষজ্ঞদের দিয়ে মূল্যায়ন, পরীক্ষা কমিটিতে থাকা ১৫ শিক্ষক, উপাচার্য, প্রশ্ন ও উত্তরপত্র তৈরির সঙ্গে জড়িত তিন শিক্ষক, উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে জড়িত স্ক্যানার কোম্পানির কর্মী, বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির প্রধানসহ বিভিন্ন শিক্ষকের সাক্ষাৎকার নিয়েছেন। প্রায় ৪০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে প্রশ্ন প্রণয়ন, মূল্যায়ন, প্রশ্ন কম্পিউটারে কম্পোজ, উত্তর মূল্যায়ন, পুনর্মূল্যায়নসহ বিভিন্ন পর্যায়ে যাঁরা ভুল করেছেন, তাঁদের শনাক্ত করা হয়েছে।কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সাক্ষাৎকার দেওয়ার সময় অনুষদের ডিন জামাল উদ্দিন বলেছেন, কম্পিউটারে তিনি টাইপ করতে পারেন না। তাই অন্য দুজন এ কাজটি করেছেন। এর মধ্যে বাংলা অংশ টাইপ করেছেন রফিকুল ইসলাম ও ইংরেজি অংশ টাইপ করেছেন আবু হেনা রেজা হাসান। কমিটির কাছে তাঁরাও এ বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন।জানা যায়, ওই দুজন শিক্ষক যখন টাইপ করেন, তখনই একটি প্রশ্নের বিপরীতে থাকা পাঁচটি উত্তরের ধারা পরিবর্তন হয়ে যায়। প্রশ্নের বানানেও ভুল ছিল অসংখ্য, যা টাইপে তাঁদের অদক্ষতা এবং সম্পাদনায় অমনোযোগিতা প্রমাণ দেয় বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞ শিক্ষকেরা।এ ছাড়া প্রশ্নের তিনটি সেট তৈরি করতে গিয়েও ওই শিক্ষকেরা ভুল করেন। প্রশ্নের ইংরেজি অংশের প্রথম কম্প্রিহেনসিভ অংশের প্যাসেজটি তিনটি সেটেই ঠিক ছিল। কিন্তু এর বিপরীতে যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয় সেগুলোর ধারা পরিবর্তন করা হয়। কিন্তু এই অংশের উত্তর তিনটি সেটে একই রাখা হয়। এর ফলে প্রথম সেটের তুলনায় দ্বিতীয় ও তৃতীয় সেটে ভুলের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।কমিটির সদস্যরা আরও জানান, দ্বিতীয়বার তড়িঘড়ি করে মূল্যায়নের ফলে আবারও বিপর্যয় ঘটে।‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রথমে যেসব শিক্ষক প্রশ্ন তৈরি করেন, তাঁরা উত্তর আলাদা খামে সরবরাহ করেন। তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শুধু ‘গ’ ইউনিটেই এই প্রক্রিয়া অবলম্বন করা হয়। এর ফলে খাম খুলে মডেল উত্তরপত্র তৈরির সময় ভুল হয়। এ বিষয়ে অনুষদের ডিন জামাল উদ্দিন এবং ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অনুষদের ডিনের মুঠোফোন বন্ধ রয়েছে। অন্যদিকে রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।তবে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান আবু হেনা রেজা হাসান প্রথম আলোকে বলেন, খসড়া প্রশ্ন তৈরি শেষে তা ডিনের কাছে জমা দেওয়া হয়। এরপর ডিন তা সম্পাদনা করেন। এরপর চূড়ান্ত প্রশ্ন তৈরি করেন রফিকুল ইসলাম। তাই এ পর্যায়ে ভুলের বিষয়ে তাঁর কিছু জানা নেই।কমিটির প্রধান মীজানুর রহমান কমিটির কাজ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তিনি প্রথম আলোকে বলেন, আজ রোববার কমিটি চূড়ান্ত সভায় বসবে। প্রতিবেদন চূড়ান্ত শেষে তা উপাচার্যের কাছে জমা দেওয়া হবে।