সরকারের ‘মৃত্যুঘণ্টা’ বাজানোর বিরোধী দলের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘উনারা ঘণ্টা বহুবার বাজিয়েছেন। ঈদের পর, পূজার পর, এসএসসি পরীক্ষার পর, ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েও ঘণ্টা বাজিয়েছেন। ঘণ্টা উনারা বাজাবেন, কিন্তু ঘণ্টা বাজবে না।’ গতকাল শনিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এর আগে বিএনপির নেতারা হুমকি দিয়ে বলেছিলেন, ‘গাজীপুরে ফলাফল পরিবর্তনের চেষ্টা করা হলে সরকারের মৃত্যুঘণ্টা’ বাজবে। তোফায়েল আহমেদ প্রশ্ন রেখে বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে হেরে গেলে বলা হয় জনপ্রিয়তা ধসে গেছে। আর জিতলে বলা হয় কারচুপি হয়েছে। আমরা করবটা কী?’ গাজীপুরে ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থীর সমর্থকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের লোকজন হয়রানি করছে বলে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। এর জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ হচ্ছে। সত্য আড়াল করতে বিএনপি সিদ্ধহস্ত। অসত্য কথা বলতেও বিএনপি ক্লান্ত হয় না।’
তোফায়েল আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছেন। উনি বিএনপি-আওয়ামী লীগ দুই আমলেই সরকারের উচ্চপদে ছিলেন। এই নির্বাচন কমিশন আজিজ মার্কা কমিশন নয়। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও সেভাবে হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।