‘ঘরডা উডাইয়া দেলেই অইবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালে স্বামী আর দুই সন্তান নিয়ে রিনা বেগমের বসবাস। নিজে বালিয়াতলী স্টেশনের বাজারের দোকানে দোকানে পানি দেওয়ার কাজ করেন। আর স্বামী ফারুক সরদার একই বাজারে পাহারাদারের কাজ করেন।ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে তাঁদের বসতঘরটি ভেঙে যায়। কয়েক দিন ধরে তাঁদের কাজকর্মও বন্ধ। তিন বেলা খাবার জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি।রিনা বেগম গতকাল সোমবার সকালে বলেন, ‘দ্যাহেন না, ঘরডা ক্যামনে ভাইংগ্যা পইড়্যা আছে। ঠিক করমু যে, হেই পয়সাও নাই। হেইয়ার মধ্যে আছে খাওনের কষ্ট।’ এমন অবস্থা রিনা বেগমের একার নয়। পটুয়াখালীর কলাপাড়ার (খেপুপাড়া) প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে গেলে এ রকম দৃশ্যই চোখে পড়ে। সাগরের মোহনার রামনাবাদ পাড়ের লালুয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে গিয়েও কয়েকটি পরিবারের বেঁচে থাকার চেষ্টা দেখা গেল। এখানকার কমপক্ষে ২০টি পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।বাঁধের ঢালের বাসিন্দা রওশন আরা বেগম বলেন, ‘মাইনষের বাড়িতে কাম কইর‌্যা জীবন চালাইতেছি। হেইয়ার মধ্যে মোর থাহার ঘরডা ভাইংগ্যা যাওনে এ্যাহন কোনো কূলই পাইতেছি না।’ কয়েক ঘর পরেই আকলিমা বেগম স্বামী আর ছোট দুটি ছেলেমেয়েকে নিয়ে বসবাস করেন সেখানে। ভাঙা ঘরটা দেখিয়ে বললেন, ‘মোগো ত্রাণ-ফেরান কিচ্ছু লাগবে না। ঘরডা উডাইয়া দেলেই অইবে। পারলে হেইডা এট্টু কইয়েন।’ ঘূর্ণিঝড় মহাসেন আঘাত করার চার দিন পার হয়ে গেলেও বিধ্বস্ত এই জনপদের মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। তবে এর মধ্যে দিন আাানা দিন খাওয়া পরিবারগুলোর অবস্থা করুণ। উপকূলের প্রত্যন্ত অঞ্চলের বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে, এমনকি ভেতরেও অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়ে আছে। চার দিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছেন বাসিন্দারা। এর মধ্যে দুই দফা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জীবনযাত্রা আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো মহিপুর ইউনিয়নের নিজামপুর, নজিবপুর, কোমরপুর, লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া, চৌধুরীপাড়া, মুন্সীপাড়া, বুড়োজালিয়া, পশুরবুনিয়া, টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া, ইটবাড়িয়া, নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর, গৈয়াতলা, হাকিমপুর, উমেদপুর, মোস্তফাপুর, হলদিবাড়িয়া ও জালালপুর। নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক খান বলেন, ‘আমি লিখিতভাবে উপজেলা প্রশাসনের কাছে গৃহহারা মানুষের একটি তালিকা দিয়েছি। তালিকা নিয়ে বসে থাকলে তো হবে না। সরকারের উচিত হবে জরুরিভাবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া। এ ক্ষেত্রে সরকার এসব কাজ করার অভিজ্ঞ সংস্থাকে কাজে লাগাতে পারে।’সরকারি হিসাব থেকে জানা গেছে, এখানে পাঁচ হাজার ২৪৮ পরিবারের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত ঘরের সংখ্যা ৩৩ হাজার ৭৭০টি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুর রহমান বলেন, ‘কার কার পুনর্বাসন দরকার তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। হয়তো এটি চিহ্নিত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।’ তিনি আরো বলেন, ‘সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের কথা হচ্ছে। তাদের সবাইকে বলেছি, ত্রানের চেয়ে বেশি জরুরি স্থায়ী পুনর্বাসন। তবে আমি মনে করি এখনই কাজটা শুরু করতে পারলে ভালো হয়।’ কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। গৃহনির্মাণ-পুনর্বাসন বাবদ অর্থ বরাদ্দ পেলে আমরা কাজ শুরু করে দেব।’