'ঘরে ঘরে হও সচেতন জঙ্গিবাদের হবেই পতন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘরে ঘরে হও সচেতন জঙ্গিবাদের হবেই পতন’ ও ‘জঙ্গিবাদকে না বলুন’ স্লোগানে রংপুর ও গাইবান্ধা পুলিশের পক্ষ থেকে গতকাল রোববার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া গাইবান্ধায় গতকাল মানববন্ধনও হয়েছে।
গতকাল বেলা ১১টায় রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) গোলাম ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি বলেন, পুলিশের পক্ষ থেকে এমন সচেতনতামূলক পোস্টার লাগানো হচ্ছে। এতে বিভিন্ন এলাকার জনগণ সচেতন হয়ে উঠবে। শুধু এমন পোস্টার দিয়েই নয়, প্রতিটি এলাকার নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শহরের ব্যস্ততম জনবহুল এলাকা জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মডার্ন মোড়, পার্ক মোড়, মাহীগঞ্জ, সাতমাথা, কাচারিবাজার এলাকাসহ আরও কিছু এলাকায় পোস্টার লাগিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহসভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বলেন, এমন দায়িত্ব শুধু পুলিশের নয়, প্রতিটি এলাকার বিশিষ্ট নাগরিকদের দায়িত্ব হয়ে পড়েছে।
এদিকে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মানববন্ধন করে জেলা পুলিশ। এতে পুলিশের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রমুখ।
পরে শহরের বিভিন্ন স্থানে ‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’ স্লোগানসংবলিত পোস্টার লাগানো হয়। পুলিশ সুপার শহরের আসাদুজ্জামান মার্কেটে পোস্টার লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পুলিশ সুপার বলেন, জঙ্গিবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য গোটা জেলায় পোস্টার লাগানো হবে।