'ঘরে থাকলেও বিপদ বের হইলেও বিপদ'
‘আওয়ামী লীগ-বিএনপির চলতাছে ক্ষমতা লইয়া টানাটানি। আর মানুষ পড়ছে বিপদে। ঘরে থাকলেও বিপদ, বের হইলেও বিপদ।’ ৫ জানুয়ারিকে কেন্দ্র করে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এ রকমই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সিলেট নগরের বন্দরবাজার এলাকার ব্যবসায়ী আলতাব উদ্দিন।
বিএনপির ডাকা লাগাতার অবরোধের প্রথম দিন ছিল গতকাল মঙ্গলবার। এ কর্মসূচি চলাকালে সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৫০ জন মানুষের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। প্রত্যেকেই চলমান পরিস্থিতি নিয়ে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দুই পক্ষকেই অসহিষ্ণু আচরণ না দেখানোর আহ্বান জানিয়েছেন।
শহরের রাস্তাঘাটে দুপুর ১২টা পর্যন্ত যানবাহন চলাচল কম ছিল। সিলেট থেকে ঢাকাগামী কোনো বাস ছাড়েনি।
সকাল সোয়া আটটার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। সেখান থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ঘটনাস্থল থেকে ২০ গজ দূরে ছিলেন ভাসমান ব্যবসায়ী শওকত মিয়া। তিনি বলেন, ‘হুট কইরা বোম শব্দে আওয়াজ হইল। এরপর প্রাণভয়ে দৌড় দিই। জান লইয়া বাড়িত ফিরা আসার তো দেখতাছি কুনু গ্যারান্টি নাই।’
বেলা ১১টার দিকে চৌহাট্টা এলাকায় কথা হয় চাকরিজীবী সুনির্মল দাসের সঙ্গে। তিনি বলেন, ভয় আর আতঙ্কে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। নগরজুড়ে কেমন যেন অবরুদ্ধ পরিস্থিতি। আওয়ামী লীগ ও বিএনপির একরোখা আচরণ ও কৃতকর্মের ফল সাধারণ মানুষকে কেন ভোগ করতে হবে বলে প্রশ্ন করেন তিনি।
নগরের দরগামহল্লার সিদ্দিক মিয়া বলেন, সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা গেলেই কেবল দেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে। নতুবা কদিন পরপরই এ ধরনের সহিংস ঘটনা ঘটতে থাকবে। নগরের সাধারণ জনগণ আশা প্রকাশ করেন, প্রধান দুই দল দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করবে।