‘ঘরের শত্রু’ নিয়ে বিপাকে দুই দলের মেয়র প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থীদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন নিজ দলের কিছু নেতা-কর্মী। বর্তমান ও সাবেক সাংসদসহ তাঁদের কাছের নেতা-কর্মীরা নিজেদের দলের প্রার্থীকে পরাজিত করতে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগও উঠেছে।এদিকে ভোটে প্রভাব বিস্তার করতে পারেন এমন আশঙ্কায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বি মিয়াকে নির্বাচনসংক্রান্ত দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা (ঢাকা-১) মো. সাজাহান খানকে। রাব্বি মিয়া দাবি করেছেন, সরকারি প্রয়োজনে তাঁকে সাভার থেকেই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তবে নির্বাচনসংক্রান্ত কর্মকাণ্ড থেকে তাঁকে বিরত রাখা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌরসভা থেকে মেয়র পদে নির্বাচন করার জন্য ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই সাংসদ মুরাদ বিভিন্ন জনসভায় হায়দার আলীকেই দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাঁর জন্য ভোট প্রার্থনাও করেন। তবে পরবর্তী সময়ে কেন্দ্র থেকে আশরাফ উদ্দিনকে সমর্থন দেওয়ায় হায়দার আলী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর পর থেকেই সাংসদ ও হায়দার আলীর অনুগত নেতা-কর্মীরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন।ভাগলপুর এলাকার আওয়ামী লীগ সমর্থক কয়েকজন ভোটার জানান, আওয়ামী লীগের কতিপয় নেতা তাঁদের বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফ উদ্দিন খান অভিযোগ করেন, দল থেকে তাঁকে সমর্থন দেওয়ার পরেও স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের অনুগত নেতা-কর্মীরা গোপনে তাঁর বিপক্ষে কাজ করছেন।একইভাবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বিএনপির নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক সাংসদ সালাউদ্দিন ও তাঁর অনুগত নেতা-কর্মীরা গোপনে আশরাফ উদ্দিনের পক্ষেই কাজ করে যাচ্ছেন। বিএনপির নেতা ও সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিনসহ তাঁর আস্থাভাজন নেতা-কর্মীরা বিপক্ষে কাজ করছেন কি না জানতে চাইলে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী রেফাত উল্লাহ কোনো জবাব দেননি।সাংসদ মুরাদ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে প্রকাশ্যে কাজ করার কোনো সুযোগ নেই। এর পরেও দলের সর্বস্তরের নেতা-কর্মীদের দলের সমর্থিত প্রার্থীর পক্ষেই কাজ করতে বলা হয়েছে। বিএনপির নেতা ও সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, দলের সমর্থিত প্রার্থী হওয়ার পরেও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেই রেফাত উল্লাহর সক্ষতা বেশি। তিনি আসলে কোন দলের সমর্থিত প্রার্থী তা বোঝা যাচ্ছে না। তবে তার বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি প্রকাশ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছি। আমার অনুগতরাও আন্তরিকভাবে তাঁর পক্ষে কাজ করছেন।’