'ঘাটতি নেই', তবু কেন অসহনীয় লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তারা বলছেন, বরিশাল বিভাগে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। কিন্তু গ্রাহকেরা বলছেন, দুই মাস ধরে লোডশেডিংয়ে নাকাল তাঁরা। ‘ঘাটতি নেই’ বলে ঘাটতির বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে গত বৃহস্পতিবার ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে বরিশাল নগরসহ গোটা দক্ষিণাঞ্চল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বরিশাল কার্যালয়ের গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, বরিশাল-ভোলা জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবারের সমস্যাটা হয়েছিল। বরিশালের গৌরনদী উপজেলায় একটি ভবনের ছাদে থাকা উঁচু রডের কারণে এই জাতীয় গ্রিডের সংযোগ বেলা ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। এ কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি হয়। এর প্রভাবে দক্ষিণাঞ্চল লোডশেডিংয়ের কবলে পড়েছে।

ওই ঘটনার পর বরিশাল নগরেই বৃহস্পতিবার তিন দফায় প্রায় আড়াই ঘণ্টা এবং গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিন দফায় পৌনে দুই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। আর উপজেলা পর্যায়ে এ দুদিন রীতিমতো বিপর্যয় চলেছে।

বরিশাল পিজিসিবি সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের পাঁচ জেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য তিনটি গ্রিড সাবস্টেশন রয়েছে। এগুলোর আওতাধীন গ্রাহকদের প্রতিদিন বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২১০ মেগাওয়াট।

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার সরকার বলেন, বরিশাল গ্রিড সাবস্টেশনের আওতায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। কিন্তু সঞ্চালন লাইনে ত্রুটি এবং পুরোনো ২০টি ট্রান্সফরমারের কারণে সমস্যা হচ্ছে। সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে লাইন বন্ধ করে কাজ করতে হয়। তখন গ্রাহকেরা ভাবেন, লোডশেডিং চলছে। অন্য দুটি গ্রিড সাবস্টেশন এবং এসব অঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা কর্মকর্তারাও একই কথা বলছেন।

মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের সর্বত্র বিদ্যুৎ নিয়ে হাহাকার চলছে। বিশেষ করে উপজেলা ও গ্রামপর্যায়ে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি বেশি। দিনে ও রাতে পালা করে চার-পাঁচবার, কোথাও তার চেয়েও বেশিবার লোডশেডিংয়ে অতিষ্ঠ তাঁরা।

বরিশাল নগরের বাসিন্দা মিজানুর রহমান অভিযোগ করেন, ঈদের আগে কিছুটা ভালো থাকলেও এখন দিনে এবং রাতে মিলে তিন থেকে চারবার লোডশেডিং হচ্ছে। এমনকি শুক্র ও শনিবারও লোডশেডিং হয়।

বরগুনার পাথরঘাটায় দিনে ও রাতে সমান তালে লোডশেডিংয়ে মানুষজন অতিষ্ঠ। তা ছাড়া ইলিশ মৌসুম শুরুর প্রথম দিকেই বরফ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশের বৃহত্তম মৎস্যবন্দর পাথরঘাটায় ৪২টি বরফ কল রয়েছে। নতুন বাজারের মেসার্স পাথরঘাটা বরফ কলের মালিক গোলাম মোস্তফা বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদনে আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে। তবু আশানুরূপ বরফ উৎপাদন করা যাচ্ছে না।’

একই অবস্থা ঝালকাঠির রাজাপুর উপজেলায়। সেখানে দিন-রাত মিলিয়ে পাঁচ-ছয়বার বিদ্যুৎ যায়। কোনো কোনো সময় ১৫-২০ মিনিটের মধ্যে তা চলে আসে। আবার কখনো দু-তিন ঘণ্টায় বিদ্যুৎ আসার খবর থাকে না।

লোডশেডিংয়ে অতিষ্ঠ বরগুনা সদর ও আমতলী উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। বরগুনা সদরের হাজারবিঘা গ্রামের গ্রাহক নূরুল হক বলেন, এখানে দিন-রাত মিলিয়ে পাঁচ-ছয়বার করে বিদ্যুৎ যায়। প্রতিবার ১ ঘণ্টা পর লোডশেডিং দেওয়া হয়।

সার্বিক বিষয়ে ওজোপাডিকোর বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকতিয়ার উদ্দীন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, জাতীয় গ্রিডের ত্রুটির কারণে গত দুই দিন ৫৪ থেকে ৫৮ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে লোডশেডিং বেশি হচ্ছে। দুই মাস ধরেই তো এই অবস্থা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে সঞ্চালন লাইনে ত্রুটির কারণে অনেক সময় বিদ্যুৎ বন্ধ রাখতে হয়।’

সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলা সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ বিভাগ বলছে, তাদের ঘাটতি নেই। কিন্তু বাস্তবতা হলো, সমান তালে লোডশেডিং চলছে। তাহলে বুঝে নিতে হবে, বিদ্যুৎ বিভাগ আসল তথ্য দিচ্ছে না। হতে পারে বিদ্যুৎ ঘাটতির বিষয়টি তারা কৌশলে এড়িয়ে যাচ্ছে।’