'ঘাতকের' স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নামা সিদলা গ্রামে তিন খুনের ঘটনায় পরিবারে চলছে মাতম।

পৈতৃক সম্পত্তির ভাগ না পেয়ে নামা সিদলা গ্রামের বুরহানউদ্দিন গত বৃহস্পতিবার ছোট ভাই ফারুক মিয়ার স্ত্রী ও দুই সন্তানকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।

গতকাল নামা সিদলা গ্রামে গিয়ে দেখা যায়, স্ত্রী-সন্তান হারিয়ে বারবার চেতনা হারাচ্ছেন ফারুক মিয়া। হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া ফারুকের একমাত্র শিশুসন্তান ফাতেমা আক্তারের বিলাপ থামছে না। শিশুটির কান্না দেখে অনেককে চোখের পানি মুছতে দেখা যায়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বুরহানউদ্দিন। তবে ছোট ভাইয়ের স্ত্রী ও দুই ভাতিজাকে খুনের ঘটনায় তাঁকে অনুতপ্ত মনে হয়নি। হোসেনপুর থানার ওসি মীর মোশাররফ হোসেন বুরহানউদ্দিনের স্বীকারোক্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত নাজমা বেগম, শাহজাহান মিয়া ও লিমন মিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

গ্রামবাসী জানান, জমিজমার ভাগবাঁটোয়ারা নিয়ে বুরহানউদ্দিন ১৯৯২ সালে তাঁর বড় ভাই সোহরাব উদ্দিনকে খুন করেন। ওই ঘটনায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। বুরহান জেলে থাকার সময় বাবা সদরউদ্দিন জমিজমা ছোট ছেলে ফারুকের নামে লিখে দেন। সাজা শেষে দেড় মাস আগে বুরহান জেল থেকে ছাড়া পান।

সিদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, জেলফেরত বুরহান বাড়িতে এসে তাঁর ভাগের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য ছোট ভাই ফারুকের কাছে দাবি জানান। কিন্তু ফারুক তাঁকে সম্পত্তি দিতে অস্বীকার করেন। তিনি বলেন, দুই ভাইয়ের দ্বন্দ্ব মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু মীমাংসার আগেই এই হত্যাকাণ্ড ঘটে গেল।