'ঘুষ ছাড়া চাকরি চাই' দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবিতে গতকাল শুক্রবার নওগাঁয় সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। বেলা সাড়ে তিনটার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ঘুষ-বাণিজ্যের কারণে সরকারি চাকরি থেকে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন। মেধাবীরা চাকরি না পাওয়ায় মেধাহীন প্রশাসনযন্ত্র গড়ে উঠছে বলেও তাঁরা অভিযোগ করেন।
বক্তারা বলেন, বর্তমানে যুবসমাজের চাকরির জন্য অন্যতম অন্তরায় হচ্ছে নিয়োগ-বাণিজ্য। তাই আজকে যুবসমাজকে চাকরির জন্য লেখাপড়ার পাশাপাশি আর্থিক প্রস্তুতিও নিতে হচ্ছে। যাঁদের আর্থিক সংগতি রয়েছে, তাঁরাই শুধু চাকরি পাচ্ছেন। বাকিরা বঞ্চিত হচ্ছেন। চাকরির জন্য ঘুষ লেনদেনের এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার দাবি জানান তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা যুব ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আলিমুর রেজা। অন্যদের মধ্য বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মোহসিন রেজা, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফিজ আলম, বগুড়া জেলা যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান, জয়পুরহাট জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এর আগে শহরের প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে বগুড়া-জয়পুরহাট-নওগাঁর যুব ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন সিপিবির কেন্দ্রীয় সদস্য ও সাপ্তাহিক একতার সম্পাদক শাহিন রহমান ও যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ আলম।