'ঘুষ ছাড়া চাকরি চাই'
‘ঘুষ ছাড়া চাকরি চাই’—এ দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে যুব ইউনিয়ন।
কর্মসূচিতে বক্তারা বলেন, যুবসমাজের কর্মসংস্থানের পথে অন্যতম অন্তরায় হচ্ছে নিয়োগ-বাণিজ্য। সাধারণ যুবককে শিক্ষাজীবন শেষে চাকরি পেতে আর্থিক প্রস্তুতিও নিতে হচ্ছে। চাকরির জন্য ঘুষ লেনদেনের অসুস্থ এই প্রবণতাকে রুখে দিতে হবে। বক্তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমির হোসেন, সদস্য রিপায়ন বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক সনদ বড়ুয়া, সদস্য রবিউল হোসেন, অনুপম বড়ুয়া, সেহাব উদ্দিন, নাবিলা তানজিনা। সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের চট্টগ্রাম শাখারআহ্বায়ক ইমরান চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করেন উজ্জ্বল শিকদার।
মানববন্ধন শেষে চট্টগ্রামের জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে নগরের হাজারী গলি থেকে বিক্ষোভ মিছিল বের করে যুব ইউনিয়ন। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।