সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না। যাঁদের টাকা এবং মামার জোর আছে তারাই সরকারি চাকরি পাচ্ছে। ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ শীর্ষক এক গণশুনানিতে বক্তারা এসব মন্তব্য করেছেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা মোড়ে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা এই গণশুনানির আয়োজন করে। শুনানিতে ভুক্তভোগী কয়েকজন তরুণ সরকারি চাকরি না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।
গণশুনানিতে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিপায়ন বড়ুয়া। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার, যুব ইউনিয়নের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।
বক্তারা বলেন, শিক্ষার ব্যয় বাড়ায় দরিদ্র পরিবারের পক্ষে সন্তানদের লেখাপড়া করানো কঠিন হয়ে পড়েছে। আবার টাকার জোর না থাকায় মেধাবী শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত চাকরি পায় না।
যুব ইউনিয়ন কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক প্রীতম দাশের সঞ্চালনায় গণশুনানিতে বক্তব্য দেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার আরেক যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সিকদার ও কোতোয়োলি থানা শাখার সভাপতি সুব্রত ধর।