‘বিনা অপরাধে পুলিশ একদিন আমাকে ধরে নিয়ে যায়। ঘুষ দিতে পারিনি বলে কয়েকটা গাঁজার প্যাকেটসহ তারা আমাকে আদালতে চালান করে। মাদক ব্যবসায়ী বানিয়ে তারা আমাকে জেলে পাঠায়। জেলখানায় অন্য মাদকসেবীদের সঙ্গে পরিচিত হওয়ার পর সত্যি সত্যি এ ব্যবসায় জড়িয়ে পড়ি। তবে আজ কথা দিলাম, ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই এ পেশা ছেড়ে দেব।’ গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জে এক মতবিনিময় সভায় কথাগুলো বলছিলেন মাদক দ্রব্য আইনের মামলায় কারাবন্দী গোলাম হোসেন। গোলাম হোসেনের মতো ৩০ জন কারাবন্দী তাঁদের এই অন্ধকার জীবনে আসার পেছনে সামাজিক প্রতিবন্ধকতা ও পুলিশের নেতিবাচক আচরণকে দায়ী করেন। জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আইনজীবী সমিতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘মাদকসংক্রান্ত অপরাধ হ্রাস, অপরাধের সাথে যুক্ত অপরাধীদের পেশা পরিবর্তনে উদ্বুদ্ধকরণ ও পুনর্বাসন বিষয়ে পদ্ধতিগত পথ উদ্ভাবন’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদ। সভায় ফাতেমা খাতুন (৪২) নামের এক কারাবন্দী অভিযোগ করেন, তিনি আগে শাড়ি কাপড়ের ব্যবসা করতেন। পুলিশকে চাঁদা দিতে রাজি না হওয়ায় একদিন পুলিশ তাঁকে ধরে নিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ আদালতে চালান দেয়। ভৈরব উপজেলার চণ্ডীবেড় এলাকার আকরাম মিয়া (৪৫) বলেন, একজন সাবেক কমিশনার তাঁকে হেরোইন সেবনে আসক্ত করে পরে ব্যবসায় জড়িয়ে দেন। এখন তিনি কারাগারে কিন্তু সেই কমিশনার নিরাপদে রয়েছেন। বেশির ভাগ আসামি অভিযোগ করেন, পুলিশের খারাপ আচরণ তাঁদের এ পথে আসার অন্যতম কারণ। অবশ্য তাঁদের বক্তব্যের সঙ্গে উপস্থিত পুলিশ কর্মকর্তারা দ্বিমত প্রকাশ করে বলেন, উপস্থিত ৩০ জন আসামির মধ্যে কমপক্ষে ১০ জন একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় বেসরকারি সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান ‘সাদ-বাংলাদেশ’-এর প্রধান এম মতিউর রহমান বলেন, পুলিশকে একতরফা দোষ দেওয়া যাবে না। তবে আটকের ক্ষেত্রে পুলিশকে অবশ্যই সচেতনতার পরিচয় দিতে হবে। কারণ নির্দোষ অনেকেই আটক হয়ে মাদক মামলায় জেলহাজতে গিয়ে সত্যি সত্যি এ ব্যবসায় জড়িয়ে পড়েন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, সিভিল সার্জন দীন মোহাম্মদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আনিছুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবু তালেব, জেলা বারের সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি কাজী শাহীন খান প্রমুখ। জেলা প্রশাসক বলেন, তাঁর হাতে স্থানীয় যে মাদক ব্যবসায়ীদের তালিকা এসেছে, তা দেখে তাঁর মনে হয়েছে এরা চুনোপুঁটি। যারা সত্যিকার অর্থেই মাদক ব্যবসায়ী তাদের খুঁজে বের করতে হবে। সভায় উপস্থিত মাদকসেবী ও ব্যবসায়ীদের এ পথ থেকে ফিরিয়ে আনার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করতে কয়েক দফা সুপারিশ করা হয়।