মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গতকাল রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এক ঘণ্টার অবরোধে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এ সময় অবরোধকারীরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে ৪৮ ঘণ্টার মধ্যে কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সব কর্মকর্তা-কর্মচারীর অপসারণ দাবি করেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবরোধকারীরা জানান, পদ্মা সেতুর জন্য সম্প্রতি শিবচর অংশে আরও ১২০ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্তের কথা জানতে পেরে একটি চক্র সেখানে কয়েক শ অবৈধ স্থাপনা নির্মাণ করে। এসব স্থাপনা উচ্ছেদ করতে হবে। এদিকে ইতিমধ্যে অধিগ্রহণ করা জমির মূল্যসহ ক্ষতিপূরণের অর্থ পরিশোধের সময় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ নিচ্ছেন। ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ও ঘুষ গ্রহণের প্রতিবাদে গতকাল বিকেল পাঁচটায় উপজেলার মাদবরচর ইউনিয়নের দুই হাজারের বেশি লোক মহাসড়কের পাচ্চর স্ট্যান্ড এলাকায় অবরোধ সৃষ্টি করেন। প্রায় এক ঘণ্টা পর শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ও হাইওয়ে পুলিশের সার্জেন্ট আসাদুজ্জামানের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।অবরোধকারীদের পক্ষে আবদুল হাই সিকদার, মতিউর রহমান হাওলদার বলেন, ডিসি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেকপ্রতি ১০-১৫ শতাংশ অর্থ ক্ষতিগ্রস্তদের কাছ থেকে অগ্রিম ঘুষ নিচ্ছেন। তাই আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ দোষী ব্যক্তিদের অবিলম্বে বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল-অবরোধ করছি।স্থানীয় বাসিন্দা ফজলু মুন্সী বলেন, পদ্মা সেতুতে আমরা সর্বস্ব হারিয়েছি। তার পরও আমরা সেতু চাই। কিন্তু ডিসি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে একটি চক্র সরকারের কোটি কোটি টাকা লুটপাট করছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে ক্ষুব্ধ এলাকাবাসী। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘অধিগ্রহণ করা এলাকায় অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের বিষয়টি আমিও জেনেছি। ইতিমধ্যে ওই এলাকায় সতর্কতামূলক সভা করা হয়েছে। তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা প্রশাসক শশী কুমার সিংহ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একাধিক সভায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বলা হয়েছিল, ঘুষ-অনিয়ম হলে জানাতে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’যোগাযোগসচিব মো. মোজাম্মেল হক দক্ষিণাঞ্চল থেকে গতকাল ঢাকা ফেরার পথে ওই অবরোধের কারণে পাচ্চর স্ট্যান্ড এলাকায় আটকে পড়েন। এ সময় স্থানীয় জনগণ সচিবের কাছে পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরেন। সচিব মো. মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার মন্ত্রণালয়ের আওতাধীন নয়। তার পরও আমি পদ্মা সেতু-সংশ্লিষ্টদের এ ব্যাপারে জানাব।’