'ঘুষের' টাকা ফেরত চেয়েও কারাদণ্ড!
চাকরি ফিরে পেতে এক শিক্ষা কর্মকর্তাকে ‘ঘুষ’ দিয়েছিলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাজিপুর গ্রামের মুর্শিদা খাতুন। কিন্তু সেই চাকরিও পাননি, সেই টাকাও ফিরে পাননি। সেই ক্ষোভে মুর্শিদা ওই কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। আর এ অভিযোগে আজ বুধবার সন্ধ্যায় মুর্শিদাকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার বলেন, মুর্শিদাকে কাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের জেলা কারাগারে পাঠানো হবে।
মুর্শিদা সাংবাদিকদের বলেন, রক্স ফেইস-২ প্রকল্পের আওতায় বারুহাস ইউনিয়নের কাজিপুর পশ্চিম পাড়া আনন্দ স্কুলে ২০১৩ সালে শিক্ষিকা হিসেবে চাকরি নেন। তিন মাসের বেতনও পান তিনি। এরপর ওই প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় কাগজপত্র যাচাই-বাছাইকালে তাঁর এসএসসির ফলাফল নিয়োগ বিধি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় নিয়োগ বাতিল করে। এ সময় চাকরি ফিরে পেতে তিনি রক্স ফেইস-২ প্রকল্পের তাড়াশ উপজেলার প্রশিক্ষণ সমন্বয়কারী ওসমান গণিকে ছয় হাজার টাকা ‘ঘুষ’ দেন। দীর্ঘদিনেও চাকরি ফিরে না পাওয়ায় এবং ওই কর্মকর্তার পেছনে ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে যান। আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে ওই কর্মকর্তাকে দেওয়া টাকা ফেরত চান। কিন্তু তা দিতে অস্বীকার করায় তিনি সবার সামনে ওসমান গণিকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় থানা-পুলিশ তাঁকে আটক করেন। পরে তাঁকে তাড়াশের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান খানের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতে সরকারি কাজে বাধা দান এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ প্রসঙ্গে মো. জিল্লুর রহমান খান বলেন, সরকারি কাজে বাধা দান করার গুরুতর অভিযোগ রয়েছে। কাজে বাধা না দিয়ে, ‘ঘুষের’ টাকা ফেরতের জন্য মুশির্দা মামলা করতেও পারতেন। কিন্তু তিনি তা না করে লাঞ্ছিত করার মতো অপরাধ করেছেন। যে কারণে তাকে বিধি মোতাবেক সাজা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে আনন্দ স্কুলের প্রশিক্ষণ সমন্বয়কারী ওসমান গণির সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।