'ঘৃণা নয়, এইচআইভি আক্রান্ত রোগীদের সহযোগিতা দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস।
‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু: নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, এইচআইভি আক্রান্ত রোগীদের ঘৃণা নয়, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তারাও এই সমাজে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রাখে।
দিবসটি উপলক্ষে সকালে নগরের প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের করা হয়। সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন উন্নয়ন সংগঠনের সহযোগিতায় এই শোভাযাত্রা বের করে। আন্দরকিল্লায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার। সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুব্রত কুমার চৌধুরী, অজয় কুমার দে, নুরুল হায়দার।
আলোচনা সভায় বক্তারা বলেন, এইডস প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। এইডস রোগীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তারা যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পৃথক শোভাযাত্রা বের করা হয়। চমেক হাসপাতালের প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্প এই শোভাযাত্রার আয়োজন করে। এর উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষÿসেলিম মো. জাহাঙ্গীর। শোভাযাত্রা শেষে হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের উপপরিচালক শেখ সাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক শাহানারা চৌধুরী ও মনছুরুল আলম, সহযোগী অধ্যাপক নাছির উদ্দীন মাহমুদ ও সাঈদ মাহমুদ।