'ঘোল' ব্যবসায় এবার মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই বগুড়ার রোজাদারদের ইফতারে দাপটের সঙ্গে নিজের অবস্থান ধরে রেখেছে টকদইয়ের (চিনিমুক্ত পাতলা সাদা দই) ‘ঘোল’। কিন্তু এবার বর্ষাকালে রোজা হওয়ায় ইফতারে আর ঘোলের তেমন কদর নেই। এতে বিপাকে পড়েছেন শহরের ‘টকদই’ ব্যবসায়ীরা। দিনভর পসরা সাজিয়ে বসে থেকেও ক্রেতার দেখা পাচ্ছেন না তাঁরা।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যবারের রোজায় বিকেল গড়াতে না গড়াতেই টকদই কিনতে দোকানে বা ঘোষদের কাছে হুমড়ি খেয়ে পড়তেন রোজাদারেরা। অলিগলিতে পসরা সাজিয়ে বা ফেরি করে চলত দই বিক্রি। কিন্তু এবার শহরের দইয়ের দোকানগুলো ফাঁকা।
সম্প্রতি শহরের সাতমাথার দইঘর, চিনিপাতা দইঘর, শেরপুর দইঘর, আদি মহরম আলী দইঘর, রফাত দইঘর, কবি নজরুল ইসলাম সড়কের এশিয়া সুইটস, আকবরিয়া এক্সক্লুসিভ এবং ফতেহ আলী বাজারের দইয়ের দোকানগুলো ঘুরে দেখা গেছে, টকদইয়ের তেমন ক্রেতা নেই।
সাতমাথার দইঘরের ব্যবস্থাপক আবুল খায়ের বলেন, ‘গত বছর রোজায় গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ হাঁড়ি ও সরা টকদই বিক্রি হয়েছে। এবার দিন শেষে গড়ে ৫০ থেকে ৬০টি হাঁড়িও বিক্রি হচ্ছে না।’ তিনি বলেন, তাঁর দোকানে তিন ধরনের সাদা দই বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট হাঁড়ি ৪০ টাকা, বড় হাঁড়ি ৮০ এবং সরা ১১০ টাকা। গতবারও এ দামই ছিল। সাতমাথার ‘চিনিপাতা’ দইঘরের মালিক মুক্তা আলম বলেন, ‘বগুড়ায় ইফতারের সঙ্গে যুগ যুগ ধরে মিশে আছে টকদইয়ের ঘোল। কিন্তু এবার টকদইয়ের কদর নাই। অথচ এবার প্রতিদিন অবিক্রীত নষ্ট দই ফেলে দিতে হচ্ছে।’
সাতমাথার একটি দোকানে দই কিনতে আসা বাদুরতলার সুজাউল ইসলাম বলেন, ‘এবার ফরমালিন দেওয়া খাবার নিয়ে খুব ভয়ে আছি। দইও যে কী দিয়ে বানাচ্ছে, আল্লাহ জানে।’