ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।
গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিভাগ পরিবর্তনের এই ইউনিটের অধীনে ৮৭ হাজার ২০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৪৩২ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় সাত হাজার ৫১০, মানবিক শাখায় তিন হাজার ২১৬ ও ব্যবসায় শিক্ষা শাখায় তিন হাজার ৭০৬ জন পাস করেছেন। তাঁদের মধ্যে এক হাজার ৪১৬ জন ভর্তি হতে পারবেন।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) অথবা মুঠোফোনে মেসেজ অপশনে গিয়ে du লিখে space দিয়ে gha লিখে আবারও space দিয়ে roll no লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। গত শুক্রবার এই পরীক্ষা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাস করা ছাত্রছাত্রীরা আগামী ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় নির্বাচন ফরম পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারীদের ১৩ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয় থেকে কোটার ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য ১ অক্টোবর পর্যন্ত ডিন কার্যালয়ে আবেদন করা যাবে।