‘চকচকে প্যাকেটের ভেজাল বীচ শেষ কইরে দিচে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুকানদারের কতামতো বেশি লাবের আশায় সিপি হাইব্রিগেড (হাইব্রিড) ভুট্টোর বীচ জমিতে বুনে অ্যাকন লুকসান গুনতি হচ্চে। চকচকে প্যাকেটের ভিতরে ভেজাল ভুট্টোর বীচ আমাগের শেষ কইরে দিচে।’ সিপি বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের বীজ রোপণ করে ভুট্টার ফলন কম হওয়ায় এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন কৃষক জুরালী মিয়া। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোনাকষা গ্রামে। জুরালী মিয়ার মতো আলমডাঙ্গা উপজেলার মোনাকষা ও পাইকপাড়া গ্রামের অর্ধশতাধিক কৃষক জমিতে সিপি বাংলাদেশ, সিনজেনটাসহ কয়েকটি কোম্পানির ভুট্টা বীজ বপণ করে প্রতারিত হয়েছেন। ভেজাল বীজ বপন করায় গাছ স্বাভাবিকের চেয়ে কম লম্বা এবং ফলনও কম হয়েছে। এ ব্যাপারে কৃষক জুরালী মিয়া ১২ জানুয়ারি জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্র্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ১৩ জানুয়ারি তিনি সংশ্লিষ্ট বিভাগের উপপরিচালকের কাছে প্রতিবেদন পেশ করেন। এতে উল্লেখ করা হয়েছে, আলোচিত জমিতে বীজ গজানোর হার ৭৫ ভাগ। ৭০ ভাগ গাছ পাঁচ থেকে ছয় ফুট (স্বাভাবিক) এবং ৩০ ভাগ গাছ দুই থেকে আড়াই ফুট লম্বা হয়েছে। আপাতদৃষ্টিতে বীজের পৃথক্করণ (সেগ্রিগেশন) হয়েছে বলে মনে হয়েছে। হাইব্রিড বীজের সঙ্গে স্থানীয় বীজ মেশানোর ফলে এ সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । এই প্রতিবেদন পাওয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকর বীজ প্রত্যয়ন এজেন্সি চুয়াডাঙ্গার মাঠ কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি ১৯ জানুয়ারি প্রতিবেদন পেশ করেন। এতে উল্লেখ করা হয়েছে, জুরালী মিয়ার খেতে ৭০ ভাগ গাছ পাঁচ-ছয় ফুট এবং ৩০ ভাগ দুই-আড়াই ফুট লম্বা হয়েছে। ওই খেতে ক্ষতির তিনটি কারণ হচ্ছে: বংশগত কারণে পৃথক্করণ হওয়া, বীজ নিম্নমানের হওয়া ও রোগব্যাধির আক্রমণে বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া। জুরালী মিয়া ও তাঁর বাবা আফাজ উদ্দিন ও ভাই আশাবুল হক মিলে এবার ছয় বিঘা জমিতে সিপি ৮০৮ ও সিপি ৮৩৮ জাতের ভুট্টার আবাদ করেছিলেন। তাঁরা অভিযোগ করেন, প্যাকেটে ভেজাল ও নিম্নমানের বীজ থাকায় খেতের প্রায় অর্ধেক সংখ্যক চারা দুই থেকে আড়াই ফুট লম্বা হয়েছে। এ ছাড়া উৎপাদন ভালো না হওয়ায় তাঁদের লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। একই কোম্পানির বীজ ব্যবহার করে জহুরুল নগরের রবিউল হকও প্রতারিত হয়েছেন। পাইকপাড়া গ্রামের কৃষক হায়দার আলী নয় বিঘা, খায়রুল হক দুই, বাশারুল হক দুই, তাইজেল হক পাঁচ, ইদ্দুত মোল্লা পাঁচ ও বিদ্যুৎ মোল্লা তিন বিঘা জমিতে সিনজেনটা কোম্পানির এনকে-৪০ জাতের ভুট্টা আবাদ করে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ছয় হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আলমডাঙ্গার প্রধান বীজ বিক্রেতা প্রত্যয় এগ্রো কমপ্লেক্সের মালিক শাহ আসাদুর রহমান জানান, বেশ কিছু ভুট্টাচাষির ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তাদের জানানো হয়েছে। সিপি বাংলাদেশ চুয়াডাঙ্গার বিক্রয় প্রতিনিধি আবদুর রাজ্জাক বলেন, ‘মাত্র কয়েকটি জমিতে এ রকম সমস্যা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের বলেছি, বীজের দাম আমরা দিয়ে দেব।’ সিনজেনটা কোম্পানির বিক্রয় প্রতিনিধি আজিজুর রহমান বলেন, ‘আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে কিছু জমিতে সমস্যা দেখা দিয়েছিল। সরেজমিনে দেখে মনে হয়েছে বীজ নয়,পরিচর্যার অভাবে সমস্যার সৃষ্টি হয়েছে।’আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, উপজেলার কয়েকটি গ্রামে বেশ কিছু ভুট্টা খেতে সমস্যা দেখা দিলেও সার্বিক পরিস্থিতি ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মো. রেজাউল করিম জানান, কৃষকদের কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আপস করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যদি কোম্পানির আশ্রয় নেন, তাহলে কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা হবে।