'চট্টগ্রাম গণহত্যার নির্দেশদাতারা গণদুশমন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে পুরোনো বাংলাদেশ ব্যাংক চত্বরে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারির শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরে পুরোনো বাংলাদেশ ব্যাংক চত্বরে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারির শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা l ছবি: প্রথম আলো

১৯৮৮ সালের চট্টগ্রাম গণহত্যার নির্দেশদাতারা গণদুশমন। সমাজে তাদের অবাধ বিচরণ সহ্য করা হবে না।
চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে নগরের পুরোনো বাংলাদেশ ব্যাংক চত্বরে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এর আগে পুরোনো বাংলাদেশ ব্যাংক চত্বরে ২৪ জানুয়ারির শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতারা।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা বানচাল করতে পুলিশের গুলিতে ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এটি পরে চট্টগ্রাম গণহত্যা নামে পরিচিতি পায়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ ইছহাক মিয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি খোরশেদ আলম ও ইব্রাহিম হোসেন চৌধুরী। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ইছহাক মিয়া বলেন, ‘জনগণের দুশমন স্বাধীনতাবিরোধীরা কখনো ক্ষমতায় আসতে পারে না। এরা পাকিস্তানি ভাবাদর্শে বিশ্বাসী। এরা দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের রোল মডেল। আমরা বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এই অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’
এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘১৯৮৮ সালের চট্টগ্রাম গণহত্যার সময় যারা স্বৈরাচারের সহযোগী ছিল তাদের অনেকে এমপি হয়েছেন। এমপি হয়ে বন্দরের সম্পদ লুটপাট করছেন। মাদকের ব্যবসা করছেন। আর আমাদের নেতাদের কেউ কেউ সেই বন্দর লুটেরা আর মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দিচ্ছেন। যাঁরা দলের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছেন, তাঁদের ক্ষমা নেই।’
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যারা বাংলা ও বাঙালিকে অস্বীকার করে তারা জাতি ও মানবতার শত্রু। বিবেকহীন এই পাষণ্ডদের শাস্তি পেতেই হবে। তবে এই মুহূর্তে বিভেদ আর নয়, ঐক্যই আমাদের শক্তি—এই সত্য উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
মুখ্য আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘২০১৯ সালের জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে একাত্তরের চেতনায় ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আন্দরকিল্লার দলীয় কার্যালয়ে গতকাল সকালে চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন ও প্রদীপ দাশ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪ জানুয়ারির গণহত্যা ছিল সুপরিকল্পিত। সেদিন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা করে স্বৈরশাসন চিরস্থায়ী করার পরিকল্পনা ছিল।