মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি নিয়ে ১১ জন মুক্তিযোদ্ধার বিবৃতি
'চট্টগ্রাম নগরের কমিটি বিতর্কিত মুক্তিযোদ্ধা দিয়ে গঠিত হয়েছে'
চট্টগ্রাম নগরের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি বিতর্কিত মুক্তিযোদ্ধা দিয়ে গঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ জন মুক্তিযোদ্ধা।
চট্টগ্রামের ১১ জন মুক্তিযোদ্ধা এক বিবৃতিতে এই অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার পাওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে যাঁদের কোনো সংশ্লিষ্টতা ছিল না, তাঁদের নাম যদি বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় থাকে, তাহলে বলতে হয় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়িত্বশীলতার অভাব আছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তালিকা যাচাই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এসব ব্যক্তির দেশপ্রেমেরও অভাব আছে। মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে অজ্ঞ অথবা স্বাধীনতাবিরোধী চক্রের সদস্যদের কোনো না কোনোভাবে অনুপ্রবেশ ঘটেছে। তা না হলে চট্টগ্রাম নগরের যাচাই-বাছাই কমিটি কীভাবে বিতর্কিত মুক্তিযোদ্ধা দিয়ে গঠিত হলো?’
বিবৃতিতে বলা হয়, ‘মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, তাঁরা অবশ্যই কোনো না কোনো গ্রুপের সদস্য হয়ে যুদ্ধ করেছেন। স্থানীয়ভাবে প্রশিক্ষণ নিয়ে যাঁরা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন তাঁদের কোনো না কোনো গ্রুপের কমান্ডার বা জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধারা চিনবেন। সুতরাং মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার, ডেপুটি কমান্ডার যাঁরা বেঁচে আছেন এবং গ্রুপের জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা যাঁরা বেঁচে আছেন, তাঁদের সমন্বয়ে যাচাই-বাছাই কমিটি করলে সঠিক এবং গ্রহণযোগ্য কমিটি হতো বলে আমরা মনে করি।’
বিবৃতিতে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, আবদুল্লাহ আল হারুন, মো. শাহজাহান খান, জামাল উদ্দীন ওরফে ফকির জামাল, মোহাম্মদ হারিছ, জাহাঙ্গীর আলম, এ এস এম মাহবুবুল আলম, জাহিদ হোসেন, আবদুল গফুর, নুরুউদ্দিন চৌধুরী ও ফাহিম উদ্দিন আহম্মদ।