'চট্টগ্রাম পিছিয়ে পড়লে দেশও পিছিয়ে পড়বে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। চট্টগ্রাম পিছিয়ে পড়লে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশও পিছিয়ে পড়বে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ডে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
গতকাল মেলা সমাপনীর আনুষ্ঠানিকতা শেষ হলেও চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হবে আগামী মঙ্গলবার। গতকাল চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে মেলায় অংশ নেওয়া সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য অগ্রাধিকার ভিত্তিতে বে-টার্মিনাল নির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে চট্টগ্রাম নগরকে ঘিরে নেওয়া নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র। তিনি জানান, চলিত বছরেই নগরের প্রতিটি ঘর থেকে ময়লা সংগ্রহ নিশ্চিত করা হবে। তিন বছরের মধ্যেই নগরের শতভাগ রাস্তা কার্পেটিং, সড়কবাতি লাগানোসহ একটি সবুজ ও পরিচ্ছন্ন শহর উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানে কিছু হতাশার কথাও বলেন মেয়র। তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে গত কয়েক মাসে নগরবাসীর মধ্যে ২০ লাখ প্রচারপত্র বিতরণ করা হয়েছে। প্রতিদিনই নগরের ওয়ার্ডগুলোতে মাইকিং করা হচ্ছে। পত্রিকায়, স্থানীয় কেব্ল টিভি চ্যানেলে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। এসব দেখে বাধ্য হয়ে একটা কথাই মনে আসে, ‘চোরা না শোনে ধর্মের কাহিনি’।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, হাঁটি হাঁটি পা করে বাণিজ্য মেলা দুই যুগ শেষ করেছে। এ সাফল্য সবার। জলাবদ্ধতা দূর করার কাজে চট্টগ্রাম সিটি করপোরেশনকে চেম্বারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য মেলা কমিটির চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম ও কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ।
গত ১১ মার্চ পলো গ্রাউন্ডে শুরু হয় মাসব্যাপী ২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় ৪৩টি প্যাভিলিয়ন ও ২৩১টি ছোট-বড় স্টল রয়েছে। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় থাইল্যান্ড, ভারত, চীন ও ইরানের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।