'চট্টগ্রাম শহরের বধ্যভূমি' শীর্ষক বইয়ে ৫১টি বধ্যভূমির কথা উল্লেখ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে চট্টগ্রাম নগরের জামাল খানে অবস্থিত হোটেল টাওয়ার ছিল আতঙ্কের নাম। মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষকে ধরে এনে এখানে নির্বিচারে হত্যা করা হতো। ওই বধ্যভূমি সংরক্ষণ করা হয়নি। সেখানে এখন একটি হাসপাতালের কার্যক্রম চলছে। চট্টগ্রাম নগরের এ রকম ৪৯টি বধ্যভূমির চিহ্ন হারিয়ে গেছে।
লেখক, কলামিস্ট সাখাওয়াত হোসেন মজনুর লেখা ‘চট্টগ্রাম শহরের বধ্যভূমি’ শীর্ষক বইয়ে ৫১টি বধ্যভূমির কথা উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে শুধু পাহাড়তলী ফয়’স লেক (বর্তমান চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের বিপরীতে) ও হালিশহর মধ্যম নাথপাড়ায় স্মৃতিচিহ্ন আছে। বাকি ৪৯টিতে কোনো স্মৃতিচিহ্ন নেই।
এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন মজনু প্রথম আলোকে বলেন, ‘বধ্যভূমিগুলোতে নৃশংস হত্যাকাণ্ড চলত। আমি তথ্য সংগ্রহের জন্য চট্টগ্রাম শহরের সব বধ্যভূমিতে গিয়েছি। এর মধ্যে শুধু পাহাড়তলী ফয়’স লেক ও হালিশহর মধ্যম নাথপাড়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তা-ও অসম্পূর্ণ। এ ছাড়া অন্য কোথাও কোনো স্মৃতি সংরক্ষণের উদ্যোগ চোখে পড়েনি।’ তিনি আরও বলেন, ‘সব বধ্যভূমি সংরক্ষণ করা সম্ভব না হলেও উল্লেখযোগ্য কয়েকটিকে সংরক্ষণ করা খুব জরুরি। এ ছাড়া দেশের সবচেয়ে বড় পাহাড়তলী বধ্যভূমিকে বড় আঙ্গিকে উপস্থাপন করে চট্টগ্রাম শহরের সবগুলো বধ্যভূমির নাম ও ঘটনার বর্ণনা সেখানে উল্লেখ করে দেওয়া যেতে পারে।’
মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এবং পূর্বপুরুষদের অবদান সম্পর্কে জানানোর জন্য এসব বধ্যভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এসব বিষয় জানার মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। এ দায়িত্ব সরকারকে নিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা গত মাসে এ-সংক্রান্ত চিঠি পেয়েছি। নগরের বধ্যভূমিগুলোর তালিকা তৈরির কাজ চলছে। আশা করছি চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে পারব।’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তদারকিতে এসব বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে গত শনিবার হালিশহর মধ্যম নাথপাড়ায় গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভের সামনের বেষ্টনীতে কাপড় শুকাতে দেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভের গায়ে লেখা শহীদদের নাম বিবর্ণ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সখিনা বেগম বলেন, ‘এটা কী আমরা তা জানি না। সব সময় আমরা এখানে কাপড় শুকাতে দেই।’
ফয়’স লেক এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও সেখানে শহীদের তালিকা নেই।