'চট্টগ্রামকে অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে গড়ার কাজ চলছে'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রামকে বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিশেষ অর্থনৈতিক জোন ও টুরিস্ট ভিলেজ গড়ে তোলা হবে। এভাবে গড়ে তোলার জন্য কানেক্টিভিটিসহ বিভিন্ন খাতে কাজ করা হচ্ছে।
মন্ত্রী গতকাল রোববার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ট্রাস্ট ট্যাক্সিক্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসি কনফারেন্স হলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদ। স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুস সালাম, সাংসদ নজরুল ইসলাম ও ওয়াসিকা আয়শা খান।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রামে ট্রাস্ট ট্যাক্সিক্যাবের অধীনে দেড় শটি ট্যাক্সিক্যাব নামানো হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ৫০টি এবং ডিসেম্বরের মধ্যে বাকি ১০০টি রাস্তায় নামানো হবে। শীতাতপনিয়ন্ত্রিত ও জিপিএস সুবিধাসংবলিত এসব ট্যাক্সিক্যাবের প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৮৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৩৪ টাকা ও অপেক্ষা চার্জ প্রতি মিনিটে চার টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ট্যাক্সিক্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘আপনাদের একটি সুখবর দিতে চাই। মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটি মেরিন ড্রাইভ হবে।’
কক্সবাজার-টেকনাফে ৬৪ কিলোমিটারের মেরিন ড্রাইভ নির্মাণের কাজ চলছে বলে জানান তিনি।