‘চট্টগ্রামে আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র হবে’
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রামের হালিশহরে পানি উন্নয়ন বোর্ডের ৩৫ একর জায়গার ওপর গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র (কনভেনশন ও এক্সপ্লোরেশন সেন্টার)। এ ব্যাপারে জায়গা বরাদ্দের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রী গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামে ২০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার (সিআইটিএফ) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। শুভেচ্ছা বক্তব্য দেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম। হাছান মাহমুদ তাঁর বক্তব্যে আরও বলেন, বতর্মান সরকার চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা হবে। কয়েক মাসের মধ্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্রে পরিণত করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৩৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্র আহ্বানের কাজও শেষ হয়েছে। মেলায় শ্রেষ্ঠ বিদেশি প্যাভিলিয়ন হিসেবে থাই প্যাভিলিয়ন ও শ্রেষ্ঠ স্থানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে গাজী গ্রুপকে নির্বাচিত করা হয়। এ ছাড়া স্টল হিসেবে বিল্ড কম, পেডরোলো ও এইচআরসি প্রডাক্ট লিমিটেড যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পুরস্কার লাভ করে। উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী এ মেলা শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। মেলা মাঠে ২৮ মার্চ প্রধানমন্ত্রীর মহাসমাবেশের কারণে চার দিন আগেই মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।