'চট্টগ্রামে আপাতত এমআরটি চালুর পরিকল্পনা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) চালু করার আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির উপকমিটি। চট্টগ্রামে নির্মাণাধীন উড়ালসড়কগুলোকে আরও বেশি জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেছে উপকমিটি।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির সদস্যরা। সিডিএর নির্মিত ও নির্মাণাধীন উড়ালসড়কগুলো পরিদর্শনের জন্য উপকমিটির সদস্যরা চট্টগ্রামে আসেন। কমিটি সিডিএর চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে উপস্থিত ছিলেন উপকমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম ও দুই সদস্য সাংসদ মুহিবুর রহমান মানিক ও সামশুল হক চৌধুরী, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চুয়েটের সাবেক উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ ওমর ইমাম ও আবদুর রহমান ভূঁইয়া, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান প্রমুখ।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. তাজুল ইসলাম বলেন, নির্মাণাধীন ও নির্মাণের পরিকল্পনাধীন যে সমস্ত উড়ালসড়ক বাংলাদেশে আছে, সেগুলোর পরিকল্পনাতে কোথাও ত্রুটি-বিচ্যুতি আছে কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা। এ ছাড়া উড়ালসড়কগুলো আরও বেশি জনবান্ধব করতে কী পরিকল্পনা নেওয়া যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা নির্মাণাধীন উড়ালসড়ক নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন। তাতে কমিটি মনে করছে, নির্মাণাধীন যে উড়ালসড়কগুলো আছে, সেগুলো পরিকল্পনা মোতাবেক সমাপ্ত হলে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন হবে। অনেক সমস্যার সমাধান হবে।’

এর আগে সিডিএর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় তাজুল ইসলাম বলেন, মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়ক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে।

সভায় চুয়েটের সাবেক উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়কটি কার্যকর করতে গণপূর্ত মন্ত্রণালয় একটি কমিটি করেছিল। কমিটি সাতটি র‍্যাম্প ও লুপ যুক্ত করার সুপারিশ করেছিল। এগুলো যুক্ত করা না হলে উড়ালসড়কটি কার্যকর হবে না। সভায় চুয়েটের শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া নগরের উড়ালসড়কগুলোর ‘সিসমিক রেসিসটেন্ট’ (ভূকম্পন সহনশীলতা) যাচাইয়ের পরামর্শ দেন।

কমিটির সদস্যরা গতকাল দুপুরে চট্টগ্রাম নগরে নির্মিত বহদ্দারহাট উড়ালসড়ক ও কদমতলী উড়ালসড়ক এবং মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন।