'চট্টগ্রামে বার্ন হাসপাতাল করতেই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ন ইউনিটের জাতীয় সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেছেন, দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ও উন্নতমানের বার্ন হাসপাতাল নির্মাণ করতেই হবে। এ হাসপাতাল নির্মাণে চীন ও সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনা চলছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে সামন্ত লাল সেন এ কথা বলেন। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংস্থাটির পক্ষ থেকে সামন্ত লাল সেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহীদুল হক গণির হাতে পোড়া রোগীদের জন্য বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তুলে দেন। এর মধ্যে রয়েছে পোড়া রোগীদের ড্রেসিংয়ের সামগ্রী, ৬০ লিটার স্যালাইন, ব্যথানাশক বড়ি ও ইনজেকশন, যা দিয়ে প্রায় ২৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া যাবে বলে জানান আইসিআরসির কর্মকর্তারা।
অনুষ্ঠানে সামন্ত লাল সেন আরও বলেন, সারা দেশে প্রতিবছর বিভিন্নভাবে ছয় লাখ মানুষ পুড়ে যায়। এর একটি অংশ চট্টগ্রাম অঞ্চলের। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামোর অভাবে তাদের চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে পড়েছে। তাই তাদের চিকিৎসার জন্য চট্টগ্রামে পূর্ণাঙ্গ ও উন্নতমানের একটি বার্ন হাসপাতাল নির্মাণ করতে হবে।
সামন্ত লাল সেন জানান, চট্টগ্রামে বার্ন হাসপাতাল নির্মাণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। এ ব্যাপারে চীন সরকারকে অনুরোধ জানানো হয়েছে। তারা এখানে একটি দল পাঠিয়েছে। এ ছাড়া এই হাসপাতাল নির্মাণে সৌদি সরকারকেও রাজি করানোর ব্যাপারে চেষ্টা চলছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন খোন্দকার শহীদুল গণি, আইসিআরসির হেড অব ডেলিগেশন ক্রিস্টিন চিপোলা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিকিৎসক শেখ শফিউল আজম, চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সাজারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী। অনুষ্ঠান শেষে সামন্ত লাল সেন বার্ন ইউনিট পরিদর্শন করেন ও দগ্ধ রোগীদের সঙ্গে কথা বলেন।