'চট্টগ্রামের মেয়র নির্বাচন নিয়ে কিছু বলেননি'
চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংক্ষিপ্ত সফরে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলীয় নেতাদের কোনো নির্দেশনা দেননি বলে নগর আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
সেনাবাহিনী পরিচালিত পাঁচতারকা হোটেল র্যা ডিসনের উদ্বোধন উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী।
হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনজনই মেয়র নির্বাচনে প্রার্থিতার বিষয়ে সামাজিক ও ঘরোয়া অনুষ্ঠানে নিজেদের আগ্রহের কথা একাধিকবার জানিয়েছেন। আগামী জুন মাসে চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নেতা-কর্মীদের মধ্যে কয়েক দিন ধরেই আলোচনা ছিল যে মেয়র নির্বাচনে দলীয় সমর্থন কে পাচ্ছেন, তা প্রধানমন্ত্রীর এই সফরে ফয়সালা হবে।
তবে চট্টগ্রামের নেতাদের সঙ্গে এই সফরে প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী হোটেল উদ্বোধন করতে এসেছেন। আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে গিয়েছি। কিন্তু মেয়র নির্বাচন নিয়ে নেত্রী কিছু বলেননি।’
সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীকে সালাম দিয়েছি। তিনি সালামের জবাব দিয়েছেন। এর বাইরে নির্বাচন নিয়ে কথা হয়নি।’
আবদুচ ছালামও একই মন্তব্য করেছেন।
সতর্ক থাকার পরামর্শ: চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে জঙ্গিরা যেন আস্তানা গাড়তে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে র্যা ডিসনের একটি কক্ষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বাঁশখালীর দুর্গম পাহাড়ে বিপুল অস্ত্র, গোলাবারুদসহ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিপুল অস্ত্র-গোলাবারুদসহ জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আন্দোলনের নামে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তিনি নির্দেশ দিয়েছেন।