ডিজিটাল বাংলাদেশের রূপকল্প অনুসরণ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে দেশের স্বাস্থ্যসেবাকে চমকপ্রদ বাস্তবতায় উন্নীত করা সম্ভব। তবে এ জন্য সরকার, এনজিও, প্রযুক্তিবিদসহ পেশাজীবী মহল, ব্যবসাপ্রতিষ্ঠান, গণমাধ্যম—সবাইকে একমঞ্চে এসে সক্রিয় ভূমিকা রাখতে হবে।স্বাস্থ্যসেবায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার নিয়ে দুই দিনের আলোচনা সভার শেষ অধিবেশনে গতকাল শুক্রবার বিশেষজ্ঞরা এ কথা বলেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি প্রতিষ্ঠান ডি-নেট ‘দ্য ডেইলি স্টার লিডারশিপ কলোকিয়াম-২০১২’ শীর্ষক দুই দিনের এ আলোচনা সভার আয়োজন করে।শেষ অধিবেশনের মূল উপস্থাপনায় যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অ্যালেন লাব্রিক বলেন, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে গবেষণায় দেখা গেছে কিছু বিলম্বের কারণে জীবনের ঝুঁকি বাড়ে। এর মধ্যে আছে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ ী যাতায়াত বা স্বাস্থ্যকর্মীর প্রস্তুত হওয়ার বিলম্ব। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি এসব বিলম্ব দূর করতে পারে।গাইবান্ধা জেলার অভিজ্ঞতা বর্ণনা করে অ্যালেন লাব্রিক বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।একই অধিবেশনে যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেলথ অ্যান্ড টেকনোলজির জ্যেষ্ঠ পরামর্শক ডেভিড অ্যালওয়ার্ড সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিনের এ আলোচনা সভার একটি প্লেনারি ও নয়টি কারিগরি অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করেন ডি-নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে দরিদ্র মানুষের স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে। প্রযুক্তি হতে হবে ব্যয়সাশ্রয়ী। সরকারি-বেসরকারি অংশীদারি গড়ে তুলতে হবে। দুই দিনে একাধিক অধিবেশনে বেশ কয়েকজন আলোচক স্বাস্থ্য তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে জাতীয়ভাবে নির্দেশনা না থাকার বিষয়টি উল্লেখ করেন। তাঁদের অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মাননিয়ন্ত্রণব্যবস্থা বা নির্দেশনা তৈরির উদ্যোগ না নিলে অদূর ভবিষ্যতে বিপুল তথ্যের ব্যবস্থাপনা ও ব্যবহারে সমস্যা হবে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব (এক) এন আই খান বলেন, উপযুক্ত সময়ে এই সভার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ সামনে এগিয়ে নিতে নেটওয়ার্ক তৈরি করা দরকার। অনুষ্ঠান শেষ করার আগে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম সংশ্লিষ্ট বিশিষ্টজনদের নিয়ে একটি মঞ্চ তৈরির উদ্যোগকে সক্রিয়ভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সরকার, এনজিও, পেশাজীবী, প্রযুক্তিবিদ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। সমাপনী অধিবেশনের সভাপতি স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবীর বলেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে মন্ত্রণালয়ের সব উদ্যোগ চোখে পড়ে না। বেশ কিছু হাসপাতালে উপস্থিতির বিষয়ে জানতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্যবিমা প্রকল্পে এই প্রযুক্তি বেশি ব্যবহূত হবে বলে তিনি জানান।