'চমৎকার মানুষের জন্য চমৎকার একটি বই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা​ একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছবির কবি হাশেম খান শীর্ষক সংকলনগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা  l ছবি: প্রথম আলো
বাংলা​ একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ছবির কবি হাশেম খান শীর্ষক সংকলনগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা l ছবি: প্রথম আলো

কয়েক দশক ধরে এমন ঘটনা ঘটছে, বাংলায় একটি শিশু যখন পড়তে শেখে, তখনই তার পরিচয় হয় হাশেম খানের আঁকার সঙ্গে। শিল্পীর চোখে শিশুরা দেখে চিরন্তন বাংলার নিসর্গ, ফুল, পাখি। তারপর পাঠ্যবই, ছড়ার বইয়ের ইলাস্ট্রেশন, গল্পের বইয়ের সচিত্রকরণ শিশুটিকে ভাবতে শেখায়, কল্পনা করতে শেখায়, তার সৃজনশীলতা উন্মোচন করে। শহীদ মিনারের ছবি, আলপনা আঁকা, ছয় দফার পোস্টার ও লোগো, ১৯৬৯-পরবর্তী সকল গণ-আন্দোলন, মিছিল—সবখানেই তাঁর দৃপ্ত পদচারণ। এসব কারণেই শিল্পী হাশেম খানের সৃষ্টিশীল কাজে দেশকে পাওয়া যায়, মানুষ ও প্রকৃতিসমৃদ্ধ উপলব্ধি থাকে। বরেণ্য এই শিল্পীর পুরো নাম মো. আবুল হাশেম খান।
আগামী বছর শিল্পী হাশেম খান ৭৫ বছরে পা দিচ্ছেন। এ উপলক্ষে বছরজুড়ে চিত্র প্রদর্শনী, চিত্রকলা অ্যালবামের প্রকাশনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরই সূচনা পর্বে চন্দ্রাবতী একাডেমি ছবির কবি হাশেম খান শীর্ষক একটি সংকলনগ্রন্থ প্রকাশ করেছে। দেশের খ্যাতিমান ৫৫ জন লেখক হাশেম খানের উদ্দেশে তাঁদের পঙ্তিমালা নিবেদন করেছেন।
গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ছিল প্রকাশনা উৎসব। সংকলনটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চিত্রশিল্পী রফিকুন নবী, অধ্যাপক মুনতাসীর মামুন, কথাশিল্পী মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক আলী ইমাম ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া।
অনুষ্ঠানটির শুরুতে ছিল গান। একঝাঁক শিশু তিনটি দেশের গান শোনায়। বইয়ের মোড়ক উন্মোচনের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘চমৎকার মানুষের জন্য চমৎকার একটি বই। এখানে যাঁরা লিখেছেন, তাঁরা একেবারে অন্তরের অন্তস্তল থেকে শিল্পীকে নিয়ে লিখেছেন। সবগুলো লেখাই ভারি সুন্দরও বটে।’
সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘হাশেম খান চিত্রশিল্পী হলেও তিনি নানাভাবে সামাজিক অঙ্গীকার পালন করেছেন। তাই তাঁকে আমাদের অনুরাগ, ভালোবাসা পৌঁছে দেব।’