'চমৎকার লোকজনই বাংলাদেশের প্রতি ভালোবাসার উৎস'
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, এখানকার চমৎকার মানুষের জন্যই বাংলাদেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মজীনা এ মন্তব্য করেন। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাঁর বাংলাদেশের ৬৪ জেলা সফর উদ্যাপন করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
২০১১ সালের ২৪ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের সময় ড্যান মজীনা বাংলাদেশের সব জেলা ঘুরে দেখার ব্যাপারে পরিকল্পনার কথা জানান। গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা সফরের মধ্য দিয়ে তাঁর সব জেলা পরিক্রমা শেষ হয়।
মজীনা বলেন, ‘প্রকৃতি আর সম্পদের প্রাচুর্যের পাশাপাশি এখানকার ঐতিহ্য, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আমাকে মুগ্ধ করেছে।’ তিনি দুর্নীতি, লালফিতার দৌরাত্ম্য, সুশাসনের অভাব ও রাজনৈতিক স্থিতিশীলতার অভাবকে এ দেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।