'চরম অব্যবস্থাপনা'র ফল ও বৃক্ষমেলা
‘চরম অব্যবস্থাপনা’ আর ক্রেতাশূন্যতার মধ্য দিয়ে চলছে নতুন স্থানে আয়োজিত নারায়ণগঞ্জের ফল ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ আয়োজিত ১৬ দিনের এ মেলা ১১ জুন শুরু হয়।
উদ্বোধনের পর থেকেই গোসল ও খাওয়ার পানির ব্যবস্থা না থাকা, মাইকে প্রচার বন্ধ হয়ে যাওয়া, মেলায় আসার মূল রাস্তা পানিতে ডুবে কাদা হয়ে যাওয়া, স্টলে বৃষ্টির পানি পড়া, ক্রেতা না থাকাসহ নানা সমস্যা বিরাজ করছে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের (স্টল) মালিকদের অভিযোগ, বারবার এসব অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। এতে এ বছর নিশ্চিত লোকসানের মুখে পড়বেন বলে তাঁদের আশঙ্কা।
এর আগে নগরের চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে প্রতিবছর এ মেলার আয়োজন করা হতো। কিন্তু এবার তা সরিয়ে নেওয়া হয়েছে নবাব সলিমুল্লাহ সড়কের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের খালি মাঠে। এ মেলা শেষ হওয়ার কথা ২৭ জুন।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, মেলার মূল প্রবেশপথে এতটাই কাদা যে সেখানে স্বাভাবিকভাবে চলাচল অসম্ভব। ইট বিছিয়ে সরু করে হাঁটার পথ তৈরি করা হলেও পাশাপাশি দুজন চলা সম্ভব নয়। পুরো মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। যেটুকু জায়গা উঁচু আছে, সেখানে কাদার কারণে চলাচল করা ঝুঁকিপূর্ণ।
স্টল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোসলের পানির ব্যবস্থা না থাকায় তিন দিনেও তাঁদের অনেকে গোসল করতে পারেননি। খাওয়ার পানির জন্য তাঁদের ছুটতে হয় পাশের একটি ক্লিনিকে।
মেলায় আসা পিরোজপুরের শৌখিন নার্সারির মালিক জাহেদুর ইসলাম বলেন, মেলার প্রতিটি স্টল থেকে ছয় হাজার টাকা ফি নেওয়া হয়েছে। অথচ এখানে অব্যবস্থাপনার শেষ নেই। মাঠে সারাক্ষণ পানি জমে থাকে। সেই পানির সঙ্গে ভেসে আসছে বড় বড় জোঁক। পানি পরিষ্কার করতে গিয়ে অনেকেই জোঁকের কবলে পড়েছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর থেকে আসা বনরূপা স্টলের মালিক সাইফুল জানান, তিন দিন ধরে কোনো বেচাকেনা নেই। অনেক স্টল এখন পর্যন্ত একটি গাছও বিক্রি করতে পারেনি। তাঁর দাবি, মেলার স্থানটি অপরিচিত জায়গায় হওয়ায় এখানে ক্রেতারা আসছেন না।
বন্দর উপজেলার দাশের গাঁও এলাকা থেকে আসা বর্ণালি এগ্রো লিমিটেডের স্টল ম্যানেজার জাহিদ বলেন, প্রতিবছর জিয়া হলে মেলার আয়োজন করা হতো। এটি নগরের মূল পয়েন্টে থাকায় সেখানে প্রচুর মানুষ আসত। বিক্রিবাট্টাও ভালো হতো। বছরে ৭০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত লাভ হতো। তিনি বলেন, ‘এবার লাভ তো দূরে থাক, মেলার ফির টাকাও ওঠানো যাবে না।’
একমাত্র ফলের স্টল ‘বিষমুক্ত আমের মেলা’-এর স্বত্বাধিকারী জিয়াউদ্দিন জানান, জিয়া হলে গত বছর প্রতিদিন ২০-২৫ মণ আম বিক্রি হতো। এখানে গত তিন দিনে ২০ কেজি আমও বিক্রি হয়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম বলেন, ‘আমি সকালে (রোববার) মেলায় গিয়েছিলাম। যে রাস্তায় কাদা রয়েছে, তা ইট দিয়ে মেরামত করিয়েছি।’ তাঁর দাবি, মেলায় অব্যবস্থাপনা বলে কিছু নেই। আশপাশের এলাকার জন্য আপাতত মাইক বাজানো বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমলে সব ঠিক হয়ে যাবে।