'চরম হাস্যকর' নির্বাচন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি বলছে, একতরফা নির্বাচনে অর্ধেকের বেশি আসনে যেভাবে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, তাতে এটা ‘চরম হাস্যকর’ নির্বাচনে পরিণত হয়েছে। এই নির্বাচনে ভোটার তো দূরের কথা, প্রার্থীরাও অংশ নেননি।
গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের পক্ষে এই বক্তব্য তুলে ধরেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ইতিমধ্যে ১৫১ আসনে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এটাকে নজিরবিহীন বলে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রের অন্যতম ভিত্তি। অথচ এই নির্বাচনে ভোটার তো দূরের কথা, প্রার্থীরাও অংশ নেননি। এটা দেশের গণতন্ত্রের জন্য হুমকি।
বিএনপির এই নেতা বলেন, দেশে এখন গণতন্ত্রের বদলে চলছে স্বৈরতন্ত্র। আর এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় কেবল এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচন কমিশন প্রহসনের নাটক মঞ্চস্থ করছে। নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে রাষ্ট্রের প্রধান নির্বাহীর ফরমাশি প্রতিষ্ঠানের মতো কাজ করেছে।
সরকার নির্বাচন নিয়ে নাকট করছে বুঝতে পেরেও বিএনপি কেন আলোচনা করছে—এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘অনেক সময় মাঝপথে নাটক বন্ধ হতে পারে। বিএনপি গণতন্ত্র রক্ষা করতে চায়। নাটক চায় না।’