
আশুলিয়ার নিশ্চিন্তপুরের পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে অনেক শিশুই তাদের মা-বাবাকে হারিয়েছে। এমনই দুটি অবুঝ শিশু মাসুম ও মিজান। সম্পর্কে তারা চাচাতো ভাই।
মাসুমের বয়স এখন ২৮ মাস আর মিজানের ২২ মাস। সদ্য বুলি ফুটেছে মাসুমের। তাজরীনের পোড়া ভবনের দিকে আঙুল তুলে আজকাল আধো আধো কণ্ঠে চাচাতো ভাই মিজানকে বলতে শিখেছে, ‘চল মায়ের কাছে যাই।’
আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন লিমিটেডের গা ঘেঁষেই রয়েছে একটি টিনশেডের বাড়ি। সেখানকার ছোট ছোট খুপরি ঘরে বাস করে কয়েকটি পরিবার। সে বাড়িতেই মাসুম ও মিজানের পরিবারের বসবাস।
মিজানের মায়ের নাম মিতু বেগম আর মাসুমের মাহফুজা বেগম। তাঁরা দুজনেই তাজরীন ফ্যাশনস লিমিটেডে অপারেটরের কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর মিতু বেগমের লাশ পাওয়া গেলেও মাহফুজা বেগমের লাশের কোনো হদিস এখনো মেলেনি।
জ্ঞান হওয়ার আগেই যে দুটি শিশু তাদের মাকে হারিয়েছে, তাদের মায়ের কথা মনে থাকার কথা নয়। তবু মিজানের বাবা সাদ্দাম হোসেনের দাবি, মায়ের কথা তার সন্তান ভুলে যায়নি। তিনি জানান, তাঁদের ওই বাড়িতে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি থাকেন। তাঁর স্ত্রী রাশেদা আক্তারও ওই অগ্নিকাণ্ডে নিহত হন। এরপর তিনি সোনালি বেগম নামের আরেকজনকে বিয়ে করেন। নববিবাহিতা সোনালি বেগমকে যেদিন তিনি প্রথম ওই বাড়িতে নিয়ে আসেন, সেদিন তাঁর পরনে হলুদ শাড়ি ছিল। সেদিন থেকেই মিজান ও মাসুম তাঁকে ‘মা’ বলে ডাকে। কেননা ছুটির দিনগুলোতে মিজানের মা মিতু বেগম হলুদ শাড়ি পরতেন।
সাদ্দাম হোসেন জানান, তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের পরদিন দুপুর বেলা তিনি নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুলের মাঠে মিতু বেগমের মরদেহ পান। তিনি বলেন, ‘আমার স্ত্রী মারা যাওয়ার পর সরকার ও বিজিএমইএর কাছ থেকে সাত লাখ টাকা পাই। সরকার দিয়েছিল ছয় লাখ ও বিজিএমইএ এক লাখ টাকা।’ মায়ের মৃত্যুর পর থেকে বহু কষ্টে তিনি শিশু মিজানকে লালন-পালন করছেন। সন্তানের কথা চিন্তা করে এখনো পর্যন্ত সাদ্দাম বিয়ে করেননি। কুড়িগ্রাম থেকে তাঁর মাকে নিশ্চিন্তপুরের ভাড়া করা বাড়িতে এনে রেখেছেন ছেলেকে দেখাশোনা করার জন্য। তিনি আরও জানান, বড় ভাই আবদুল জব্বারের ছেলে মাসুম। মাসুম তাঁর মায়ের মরা মুখটিও দেখতে পারেনি। লাশ চিহ্নিত করা জন্য ডিএনএ টেস্ট করানো হয়েছে। ঢাকার জুরাইন কবরস্থানে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত মাহফুজা বেগমের কোনো হদিস মেলেনি। যেহেতু লাশের হদিস পাওয়া যায়নি, তাই মাসুমের বাবা আবদুুল জব্বার কোনো ক্ষতিপূরণও পাননি। এমনকি ২৪ নভেম্বর পর্যন্ত তাজরীন ফ্যাশনে কাজ করলেও সেই মাসের বেতনের টাকাটাও মেলেনি তাঁদের।
একই অভিযোগ করেন পঞ্চাশোর্ধ্ব রোকেয়া বেগম। তিনি জানান, তাঁর একমাত্র মেয়ে ছিল হেনা আক্তার। সে তাজরীন ফ্যাশনে হেলপার হিসেবে কাজ করতো। স্বামী পরিত্যক্তা রোকেয়া বেগম বলেন, এ মেয়েটিই ছিল আমার একমাত্র সম্বল। মাসে ছয় হাজার টাকার মতো তাঁর আয় ছিল। কিন্তু মেয়ে হারানোর ফলে তিনি এখন কূলকিনারা খুঁজে পাচ্ছেন না। হেনার লাশ না পাওয়ায় একটি টাকাও তিনি এখনো পর্যন্ত পাননি। তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন কিছুদিন আগে ক্ষতিগ্রস্ত এই ভবন পরিদর্শনে এসেছিলেন। কিন্তু দেখা করতে গেলে নিরাপত্তারক্ষীরা রোকেয়া বেগমকে সেখান থেকে তাড়িয়ে দেন।